আনন্দের সঙ্গে আক্ষেপও আছে মাহমুদুলের
সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে চলে এসেছেন মাহমুদুল হাসান। তবে কথা বলা শুরু করতে আরও মিনিট দশেক অপেক্ষা করতে হয়েছে তাঁকে। মাথার ক্যাপটা যে সঙ্গে নিয়ে আসেননি তিনি। পৃষ্ঠপোষকদের লোগোসহ সেই ক্যাপ ছাড়া কথা বলার বিধিনিষেধের কারণেই তাঁর সেই অপেক্ষা।
মাহমুদুলের জন্য অবশ্য অপেক্ষা নতুন কিছু নয়। সিলেট টেস্টে এসেই শেষ হয়েছে তাঁর লম্বা একটা অপেক্ষার পালা। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে খেলেছিলেন ৭৮ রানের ইনিংস। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাটিতে পান টেস্ট সেঞ্চুরিও।

