ভারতীয় ব্যবসায়িক ভিসা পুনরায় চালু: জরুরি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণ
এই সময় ডেস্ক:
সীমিত জনবল ও সক্ষমতার মধ্যেও বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু কার্যক্রম পুনরায় শুরু করেছে ভারতীয় হাইকমিশন। জরুরি প্রয়োজনের আবেদনের ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়াকরণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’–এ তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত দূর করার আহ্বান জানান তারা। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণের দাবি তোলেন অংশগ্রহণকারীরা।
ভারতের আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫–এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয়। আগামী ২৫-২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে বর্তমানে সীমিত জনবল দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা পুনরায় ইস্যু করা হচ্ছে। তিনি আরও জানান, ব্যবসায়িক ভিসা এখন আবার ইস্যু করা হচ্ছে এবং জরুরি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের চেষ্টা চলছে। প্রয়োজনে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সহযোগিতা ও সাপ্লাই চেইন সংযুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বাংলাদেশে কাঁচামাল শিল্প বৃদ্ধি পাচ্ছে, আর ভারত এ ক্ষেত্রে আরও অগ্রসর। স্থলসীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হতে পারবে।
অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন বলেন, ভিসা জটিলতার কারণে এ বছর সিপিএইচআই–পিএমইসি প্রদর্শনীতে বাংলাদেশ থেকে খুব কমসংখ্যক প্রতিনিধি যাচ্ছেন। সাধারণত কয়েকশ পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানিয়ে তিনি আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

