আজকের সময়ের সেরা খবর
সিলেট-চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, স্থল নিম্নচাপের প্রভাবে বাড়ছে নদ-নদীর পানি

এইসময় ডেস্ক:

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, দেশের অধিকাংশ প্রধান নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েকটি পাহাড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগে বাড়ছে বন্যার ঝুঁকি

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহেও সতর্কতা

সিলেট অঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মার পরিস্থিতি

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি কিছুটা বেড়েছে। আগামী দুই দিন পানি কমে পরবর্তী তিন দিন আবার বাড়তে পারে। তবে নদীটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

রংপুরে আপাতত স্বস্তি

রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ ধারা অব্যাহত থাকার পর পরবর্তী দুই দিনে পানি আবার বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিলেটসহ ৬ জেলায় ঝড়-বৃষ্টি আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এইসময় ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সিলেটসহ ৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই পরিস্থিতিতে দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সতর্কতা: ঝড়ের সময় নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখতে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হ*ত‌্যা, চালক গ্রেপ্তার

এইসময় ডেস্ক:

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে এক ভয়াবহ ঘটনায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ট্রাকচাপায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করেছে।

নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী জিহাদুল ইসলাম, তিনি তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিম উদ্দীন জানান, ঘটনার আগে ট্রাকচালক সুজাত পাম্পে তেল নিতে আসে। কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চালক সুজাত নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেয়।

পাম্পের অপর কর্মচারী সোহান ইসলাম বলেন, হুমকি দেওয়ার পরও সুজাত পাম্প এলাকায় অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ কাজ শেষ করে জিহাদুলকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নেয়।

সন্দেহ হলে পাম্পের কর্মচারীরা মোটরসাইকেলে করে ট্রাকটির পেছনে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পান, সুজাত ট্রাক দিয়ে নাহিদকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে র‌্যাব যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকচালক সুজাতকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে শোক: তাহসিনা রুশদীর লুনা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির গভীর শোক প্রকাশ

এইসময় ডেস্ক:


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইলিয়াসপত্নী লুনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি অন্ধকার সকাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী ও আপসহীন নেতৃত্ব এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল অনন্য।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন, নানা চড়াই-উৎরাই পার করেও নিজের আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘দেশের প্রতিটি সংকটে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, শক্তি ও আশা জুগিয়েছেন। পৃথিবীর নিয়মে আজ তাঁর যাত্রা শেষ হলেও একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী হিসেবে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাঁর মৃত্যু শুধু কোনো রাজনৈতিক দলের নয়, এটি একটি জাতির অপূরণীয় ক্ষতি।’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক শোকবার্তায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এটি শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।’

তারা বলেন, ‘গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। তাঁর প্রয়াণে রাজনীতির মাঠ হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। তাঁর মৃত্যু শুধু দলীয় নেতাকর্মীদের নয়, পুরো জাতির ক্ষতি।’

শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীসহ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সাধারণ ছুটি দেওয়া হয়েছে।


সিলেটসহ সারা দেশে ভূমিকম্প : রাজধানীর বংশালে রেলিং ভেঙে ৩ পথচারীর মৃত্যু, নিহত নরসিংদীতেও

এই সময় ডেস্ক:

সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে ছুটে রাস্তায় নেমে আসেন।

ভূমিকম্পের শক্ত ধাক্কায় রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। শুক্রবার বংশালের কসাইটুলি এলাকার ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন দুপুর সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারকারী দল তাদের হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হওয়ার পরপরই ৫ তলা ভবনের রেলিং হঠাৎ নিচে ভেঙে পড়ে। এসময় রাস্তায় হাঁটছিলেন তিন পথচারী—যারা রেলিং চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

নরসিংদীতে মাটির দেয়ালধসে প্রাণ গেল আরও একজনের

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। সেখানে কম্পনের সময় পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামের এক বৃদ্ধ মারা যান।

দেশজুড়ে আতঙ্ক : আহত ৫৫ জন

এদিন ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রেলিং ভেঙে নিহত ৩ জনসহ বহু জায়গায় ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ও আশপাশের জেলাগুলোতেও ভূমিকম্পের প্রভাবে বহু বাড়ি ও ভবনের দেয়ালে ছোট ছোট ফাটল দেখা গেছে। তবে বড় কোনো ভবন ধসের ঘটনা ঘটেনি বলে প্রশাসন জানিয়েছে।

মানুষ এখনো আতঙ্কে

ক্ষয়ক্ষতি সীমিত হলেও সকাল থেকে মানুষজন আতঙ্কে রয়েছে। অনেকে ভবনের বাইরে অবস্থান করছেন। প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং ভবনের কাঠামোগত ঝুঁকি পর্যালোচনা করার পর ঘরে প্রবেশের পরামর্শ দিয়েছে।