আজকের সময়ের সেরা খবর
বছরের শেষেই ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের উড়ান

ফিরছে ফ্লাইদুবাই, আসছে সালামএয়ার; বাড়বে আন্তর্জাতিক গন্তব্য, জোরদার হবে সিলেটের বৈশ্বিক যোগাযোগ

এইসময় ডেস্ক:

কাগজে কলমে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এতদিন বিদেশি এয়ারলাইনসের নিয়মিত উপস্থিতি ছিল না সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। সরকারের উদ্যোগে চলতি বছরের শেষ নাগাদ একাধিক বিদেশি এয়ারলাইনস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে। একই সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক কার্গো ওয়্যারহাউস নির্মাণ, নতুন আন্তর্জাতিক টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন বা চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের এসব সুবিধা তৈরি হলেও এতদিন বিদেশি কোনো এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি। ফলে বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আগামী আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-মক্কা ও সিলেট-মদিনা রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইনস হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইদুবাই ফ্লাইট পরিচালনা শুরু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও ব্যবসায়িক কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা সিলেট-দুবাই রুট থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। তবে এখন আবারও এ রুটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ফ্লাইদুবাইকে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দেওয়া হবে। সংশ্লিষ্টদের আশা, সব প্রক্রিয়া সম্পন্ন হলে বছরের শেষ নাগাদ আবারও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ারলাইনসটি।

এদিকে ওমানের বাজেট এয়ারলাইনস সালামএয়ারও সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চালু হতে পারে। এতে কম খরচে ওমানপ্রবাসী যাত্রীদের যাতায়াতের সুযোগ আরও সহজ হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে।

এরই মধ্যে গত রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভবিষ্যতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন শহরের সঙ্গেও সরাসরি আকাশ যোগাযোগের পথ উন্মুক্ত হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ ও সাংস্কৃতিক যোগাযোগে নতুন গতি আসবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, “ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা এখনো কাজে লাগানো হয়নি। বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী সরাসরি উপকৃত হবেন।”

সিলেট-চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, স্থল নিম্নচাপের প্রভাবে বাড়ছে নদ-নদীর পানি

এইসময় ডেস্ক:

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, দেশের অধিকাংশ প্রধান নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েকটি পাহাড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগে বাড়ছে বন্যার ঝুঁকি

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহেও সতর্কতা

সিলেট অঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মার পরিস্থিতি

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি কিছুটা বেড়েছে। আগামী দুই দিন পানি কমে পরবর্তী তিন দিন আবার বাড়তে পারে। তবে নদীটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

রংপুরে আপাতত স্বস্তি

রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ ধারা অব্যাহত থাকার পর পরবর্তী দুই দিনে পানি আবার বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।