আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুব গড়ার আহ্বান

বিশ্বনাথ প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সফল আত্মকর্মী ক্বারী মো. রুহুল আমিন এবং গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার সুজিত কুমার।

বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট কেন্দ্রীয় সমবায় লিমিটেডের পরিচালক হাসান মাহমুদ রিপন ও অপরাজিতা যুব মহিলা সংগঠন, পুরানগাঁওয়ের সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে হোসাইন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠক আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন যুব সংগঠনের সংগঠকরা।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা গেলে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দক্ষ যুবসমাজের বিকল্প নেই।