বিশ্বনাথে জমি বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়াসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া (৬০), মো. মাসুক মিয়া (৫৫), কবির মিয়া (৩৮), মিজানুর রহমান, আতিকুর রহমান (৫০), আব্দুল ওয়াহিদ টিটন (৫০), জাকির আহমদ, হাজী ছফির আলী (৬৫), তাজ মিয়া (৫৫), জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন ও আলিম উদ্দিন। বাকীদের নাম এখনো জানা যায়নি।
গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরকী গ্রামের বাসিন্দা ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা থাকায় রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে সূত্র জানায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

