বিশ্বনাথে এমপি লুনার সঙ্গে ব্যবসায়ী-শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে বিশ্বনাথের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বনাথের ব্যবসা-বাণিজ্য, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিংসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ পৌরসভা থেকে সহজে ট্রেড লাইসেন্স প্রদানের ব্যবস্থা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও দ্রুত বর্জ্য অপসারণ, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, অবৈধ পার্কিং বন্ধ করে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু এবং সড়কের পাশে স্থায়ী দোকানের সামনে থেকে হকার উচ্ছেদের দাবি জানান।
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যানজট নিরসনে সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী স্ট্যান্ড নির্ধারণ, সড়ক হকারমুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী যানবাহনের মালামাল ওঠানামার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং অপ্রয়োজনীয় পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।
সভায় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসন, পৌরসভা এবং সাধারণ নাগরিক—সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন অনুযায়ী সবাইকে সময়মতো কর পরিশোধ করতে হবে। কর আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বিষয়টি ইউএনওকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ বিষয়টি জানাতে হবে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে লুনা বলেন, আইন মেনে যানবাহনগুলো সিরিয়াল ও শৃঙ্খলা অনুযায়ী চলাচল করলে যানজট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনির উদ্দিন আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ আমির আলী, সভাপতি হাজী মঈনুর রহমান, সহসভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, কমিশনার আব্দুস সামাদ, আনোয়ার আলী এবং ব্যবসায়ী হাজী ছাতির আলী।
এছাড়াও সভায় হাজী উলফত মিয়া, আরশ আলী রেজা, হাজী মাসুক আলী, তাজ উদ্দিন, মিজানুর রহমান, তারেক আহমদ খজির, জুবেল মিয়া, জুবায়ের আহমদ, লিটন আহমদ, বাবলু মিয়া, আব্দুস সামাদ সরকার, নাজিম উদ্দিন, সেলিম মিয়া ও জাহেদ মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বিশ্বনাথ ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান উপ-কমিটির সভাপতি আছাব আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আল-হেরা পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি এহসান আহমদ তৈমুছ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ সিতাব, নতুন বাজার সিএনজি স্ট্যান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক শাহ লিলু মিয়া, লাইটেস স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক শানুর আলী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস শহিদ, রামপাশা সিএনজি স্ট্যান্ডের মোনসাদ আলী, উপজেলা পরিষদ পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি আব্দুল ওয়াহিদ, থানা পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সাবেক সভাপতি এবাদুল খান ও সাবেক আহ্বায়ক তজম্মুল আলী উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

