সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের সড়ক পরিবহনে দীর্ঘদিনের স্থায়ী সমস্যা ‘চাঁদাবাজি’ পুরোপুরি বন্ধ না হলেও ইতোমধ্যে তা উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছি। সড়কে অতিরিক্ত চাপ, অবৈধ দাবি এবং বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো কঠোর নজরদারিতে রয়েছে।’ বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিখাতে সারের মজুত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সরকার নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তিনি সতর্ক করে বলেন, ‘কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করতে সার মজুত করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, সারের ডিলারশিপ প্রদান কোনোভাবেই রাজনৈতিক বিবেচনায় হবে না; এটি সম্পূর্ণভাবে নীতিমালার আওতায় দেওয়া হবে।
সবজি ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ‘পেঁয়াজের কোনো সংকট নেই। বাজারে দাম কমে এসেছে। কিছু ব্যবসায়ী আমদানির জন্য চাপ সৃষ্টি করলেও আমরা পরিস্থিতি বিবেচনা করে সেই পথে হাঁটিনি। দেশের বাজারে মুড়ি কাটা নতুন পেঁয়াজ আসতে শুরু করায় চাপ আরও কমবে,’—বলেন তিনি।
আলুর বাজার নিয়ে তিনি বলেন, ‘কৃষকরা আগে আলুর ন্যায্যমূল্য পাননি। বর্তমানে দাম ধীরে ধীরে বাড়ছে, যা কৃষকের জন্য ইতিবাচক। ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রাখার অনুমতি দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ স্থিতিশীল থাকে এবং কৃষকেরা সঠিক দাম পেতে পারেন।’
পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এসপি নিয়োগ প্রক্রিয়ায় এবিসি তিনটি ক্যাটাগরি করা হয়েছে, যাতে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা ও কর্মসম্পাদন অনুযায়ী ন্যায়সংগত মূল্যায়ন করা যায়। তিনি বলেন, ‘৬৪ জেলার মধ্যে প্রথম ধাপে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতে নির্বাচন হওয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েননি।’

