বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সথে নবাগত ইউএনও উম্মে কুলসুম রুরি’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ মতবিনিময়ে অংশ নেন।
সভায় ইউএনও উম্মে কুলসুম রুবি উপজেলার অন্যতম চ্যালেঞ্জ বাসিয়া নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাসিয়া নদীকে পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, প্রয়োজনে নদীর উৎসমুখ খননের কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হবে।
এ ছাড়া তিনি উপজেলা সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়তে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন নবাগত ইউএনও।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক লেখনী প্রশাসনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা ইউএনও’র উদ্যোগ ও পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে বিশ্বনাথের সার্বিক উন্নয়ন কাজে প্রশাসনের সঙ্গে সবসময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

