বিশ্বনাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসফেরত ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা–২–এর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রবাসীদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি বেগম স্বপ্না শাহিন, উপজেলা ইউএনও কার্যালয়ের সিইও লুৎফুর রহমান, প্রবাসবন্ধু ফোরামের সদস্য শাহিন আহমদ, নুর উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, প্রবাসফেরত আবদুল মান্নান এবং নাজমা বেগম।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ অনেক সময় প্রবাসীরা বিদেশে গিয়ে নানা ধরনের প্রতারণা, নির্যাতন ও বৈষম্যের শিকার হন। এসব সমস্যা সমাধানে সরকার, বেসরকারি সংস্থা ও প্রবাসী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা–২–এর প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলী। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং প্রবাসী ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

