আজকের সময়ের সেরা খবর
বাহরাইনে ১০২টি খুচরা দোকানে অভিযান, মূল্যবৃদ্ধির অভিযোগে এক দোকান বন্ধ

এই সময় ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ খুচরা বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপক পরিদর্শন অভিযান পরিচালনা করেছে।

মন্ত্রণালয়ের পরিদর্শন অধিদপ্তর জানায়, পণ্যের মূল্যস্তর যাচাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, আইন লঙ্ঘন ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিধিবিধানের বাস্তবায়ন মূল্যায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

অভিযানের আওতায় সারা দেশে মোট ১০২টি খুচরা দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। এর মধ্যে রাজধানী মানামা, আল হিদ্দ, দিয়ার আল মুহাররাক, পূর্ব রিফা এবং ইসা টাউন-এর বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।

পরিদর্শনকালে একটি দোকানে অযৌক্তিকভাবে টর্চলাইটের দাম বৃদ্ধি করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানটিকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্বনাথে হযরত খাজা পীর শাহ্ আহমদ আলী চিশতী (রাহ.)-এর ৭৭তম ওরস মোবারক সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ওলীয়ে কামিল হযরত খাজা পীর শাহ্ আহমদ আলী চিশতী (রাহ.)-এর ৭৭তম বার্ষিক পবিত্র ওরস মোবারক।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) চিশতিয়া দরবার শরিফ তেলীকোনা পীর বাড়ী প্রাঙ্গণে এ ওরস মোবারক অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনের অনুমতি ও সার্বিক সহযোগিতায় এবং গ্রাম ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দিনভর ও রাতব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-আশেকান, সুফি সাধক, পীর-মাশায়েখ, আলেম-উলামা, ফকির-মাস্তান ও বাউলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ধর্মীয় আবহে।

ওরস উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আজকার, হামদ-নাত ও তসবিহ-তাহলিলের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানমালা অব্যাহত থাকে।

আয়োজকরা জানান, দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এবারের ওরস মোবারক।

জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে কঠোর সরকার, তথ্যদাতাকে পুরস্কার

এই সময় ডেস্ক:
দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অবৈধভাবে তেল মজুতের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বিক সরবরাহ পরিস্থিতি নজরদারিতে জেলা পর্যায়ে গঠন করা হচ্ছে বিশেষ ‘ভিজিল্যান্স টিম’।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব ভিজিল্যান্স টিম কাজ করবে। টিমগুলো ডিপো, ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। কোথাও অস্বাভাবিক মজুত, সরবরাহে গড়মিল বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত, মজুতদারির মাধ্যমে বাজার অস্থির করা বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল, জরিমানা ও লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন হয়ে অবৈধ মজুতদারির বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, অবৈধ মজুতদারি সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এতে করে অনিয়মের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়বে এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের কেইগলি’র নতুন ডেপুটি মেয়র বিশ্বনাথের হাজী আব্দুস শহিদ

এই সময় ডেস্ক:
যুক্তরাজ্যের কেইগলি টাউন কাউন্সিলের আসন্ন পৌর বছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আব্দুল শহিদ। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে ডেপুটি টাউন মেয়র হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল শহিদ বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার একজন কৃতী সন্তান। তিনি উপজেলার দশঘর নোয়াগাঁও (নোয়াহাটী) গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রাজ্জাক ও আরিজা খাতুনের ছোট ছেলে এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিনের বড় ভাই। প্রবাসে থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তার এই সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বলেছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়।

জানা গেছে, কাউন্সিলর আব্দুল শহিদ ২০১৯ সালে লকহোম ও শোফিল্ড ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি দ্রুতই সুনাম অর্জন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি নোল পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আসছেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

কেইগলি টাউন কাউন্সিল সূত্রে জানা যায়, নবনির্বাচিত ডেপুটি মেয়রের এই মনোনয়ন আগামী ১৪ মে ২০২৬ অনুষ্ঠিতব্য কাউন্সিলের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসে বসবাসরত একজন বাংলাদেশির এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

কৃষিতে স্বচ্ছতা ও আধুনিকায়নে ‘কৃষক কার্ড’ চালু: প্রথম ধাপে পাচ্ছেন ২১ হাজার কৃষক


এই সময় ডেস্ক:

দেশের কৃষি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে সরকার চালু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’। প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আট বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা।

আগামী ১ বৈশাখ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষক পরিবার একটি করে ‘কৃষক কার্ড’ পাবে। তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের। নীতিমালা অনুযায়ী, এসব কৃষককে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই অর্থ ব্যবহার করা যাবে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ কেনার পাশাপাশি মৎস্য ও গবাদিপশুর খাদ্য সংগ্রহেও। ফলে শস্যচাষি, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিরা সবাই এই সুবিধার আওতায় আসছেন।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, সাশ্রয়ী সেচ সুবিধা, কৃষিপণ্য বিক্রির সুযোগ, প্রশিক্ষণ, আবহাওয়া তথ্য ও রোগবালাই প্রতিরোধে পরামর্শ।

এই কর্মসূচির অন্যতম বিশেষ দিক হলো—প্রতিটি কৃষকের জন্য সোনালী ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট খোলা হবে এবং দেওয়া হবে ডেবিট কার্ড। কার্ডে জমা থাকা সরকারি সহায়তার অর্থ কেবল নির্ধারিত ডিলারের পস মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ কেনার জন্য ব্যবহার করা যাবে।

ফলে সহায়তার অর্থ অন্য খাতে ব্যয়ের সুযোগ থাকবে না, নিশ্চিত হবে স্বচ্ছতা ও সঠিক ব্যবহার।

তবে এই কার্ড শুধু সরকারি সহায়তার জন্য নয়—এটি সাধারণ ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। কৃষক নিজস্ব অর্থ জমা রেখে তা প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে পারবেন। এতে গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার এবং সঞ্চয়ের প্রবণতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে এবং প্রকৃত কৃষকের হাতে সরাসরি সহায়তা পৌঁছানো সহজ হবে।

ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির

এই সময় ডেস্ক:

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বর্তমানে বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলীয় নেতারা। সৈন্য সংকট এবং সুনির্দিষ্ট রণকৌশলের অভাবকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। সংরক্ষিত সেনারা ইতোমধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফা রোটেশনে কাজ করায় তারা চরম ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্যের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে বিশেষ করে লেবানন, গাজা, পশ্চিম তীর ও সিরিয়ায় বাড়তি সেনার চাহিদা বেড়েছে। লেবানন সীমান্তে সামনের প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে অতিরিক্ত আইডিএফ বাহিনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, আইডিএফকে সামর্থ্যের বাইরে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার কোনো স্পষ্ট কৌশল বা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠিয়েছে এবং আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখা হচ্ছে। পর্যাপ্ত সৈন্য না থাকায় সেনাবাহিনী তাদের লক্ষ্যপূরণে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংকট উত্তরণে লাপিদ আল্ট্রা-অর্থোডক্স হারেদি সম্প্রদায়কে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের দাবি তুলেছেন। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসলেও, বর্তমান পরিস্থিতিতে তাদের ড্রাফট বা নিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। লাপিদ স্পষ্টভাবে বলেন, যারা এই নিয়োগ প্রক্রিয়া এড়াতে চাইবে তাদের সব ধরনের সরকারি অর্থায়ন বন্ধ করতে হবে এবং পলাতকদের খুঁজে বের করে সেনাবাহিনীতে যুক্ত করতে হবে।

উল্লেখ্য, ইসরায়েলে সামরিক সেবা বাধ্যতামূলক হলেও হারেদি সম্প্রদায়ের পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থীদের কার্যত এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্য সংকট তীব্র হওয়ায় দেশটিতে এই নিয়ম পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে।

চার জেলায় দুপুরে ম ধ‌্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এই সময় ডেস্ক:

সিলেটসহ দেশের ৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্ততরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আজ সন্ধ্যার পর দেশের কোথায় কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার: এমপি তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল মাইলফলক। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল। একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রয়াসে মানুষের মৌলিক অধিকার, এমনকি মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত করেছিল। তবে ৫ আগস্ট স্বাধীনচেতা বাঙালি আবারও তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় গড়ে তুলতে তিনি সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন, যা পুরো আয়োজনকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি-এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

নানান আয়োজনে বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বৃপস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এরপর মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। এরপর একই স্থানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ সকল কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা

বিশ্বনাথ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। দেশের স্বাধীনতা অর্জনে যেসব শহীদ জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ চিরদিন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ দিবস পালনের মূল লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।