আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করেছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদ আলী হিরণ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ এবং প্রচার সম্পাদক এরশাদ আলী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী হিরণ বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর। তাদের লেখাপড়ার পথকে আরও সহজ ও উৎসাহব্যঞ্জক করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “শুধু খাতা-কলম বিতরণ নয়, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভবিষ্যতেও ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা বিস্তারে সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

খাতা-কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে।

বিশ্বনাথে ৭০ উপকারভোগীর হাতে সরকারি অনুদান

উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, চলবে ধারাবাহিক উন্নয়ন: হুমায়ুন কবির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

জনগণের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ঘোষিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ভবিষ্যতেও অনুদানসহ সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের উন্নয়ন অভিযাত্রায় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে গেলে সিলেটের পাশাপাশি বিশ্বনাথ-ওসমানীনগরেও দৃশ্যমান পরিবর্তন আসবে।

বুধবার (১ জুলাই) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত উপকারভোগীর হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে সরকারি আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব, যুগ্ম সম্পাদক মনির আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (ধলা মিয়া), বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, কৃষকদল নেতা আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা সৌরভ আহমদ লাকি ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠিানে বক্তারা বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ ধরনের সহায়তা কর্মসূচি সমাজের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।