আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় দুই প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক জোরদার এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি মো. রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য আফজল মিয়া।

অন্যদিকে, গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামিল হোসেন, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ার্দার এবং সদস্য হোসেন মাহমুদ দেলওয়ার।

সাক্ষাৎকালে উভয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের অধিকার তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

সৌজন্য সাক্ষাৎটি দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক মতবিনিময় ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি উপলক্ষ হয়ে ওঠে।