বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পূজামণ্ডপে বিকল্প বিদ্যুৎব্যবস্থা ও সিসিটিভি সচল রাখার ওপর গুরুত্বারোপ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা, যানজট নিরসন, সড়কে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাদক ও জুয়া প্রতিরোধ, লাইসেন্সবিহীন ফার্মেসি এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন বাজারের দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে তীর খেলার মতো জুয়াসংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিকল্প বিদ্যুৎব্যবস্থা প্রস্তুত রাখা এবং নিরাপত্তার স্বার্থে স্থাপিত সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়কে বালু ও অন্যান্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, লাইসেন্সবিহীন ফার্মেসি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বাজারে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে জনস্বার্থ রক্ষা করতে হবে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও নিয়মিত তদারকি বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী ও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মধু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ দাস চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, পল্লী বিদ্যুতের এজিএম মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

