বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় আব্দুল মান্নানের কারাদণ্ড, আদালতে আত্মসমর্পণের পর কারাগারে
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় আব্দুল মান্নান (২৭) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ অক্টোবর) মামলায় হাজিরা দিতে আদালতে গেলে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আব্দুল মান্নান উপজেলার আজিজনগর গ্রামের কাছিম আলীর ছেলে।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালে বিশ্বনাথ উপজেলার জানাইয়া মশুলা গ্রামের মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে সিলেটের আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় চেক ডিজঅনারের মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর পাওনা সাত লাখ টাকা পরিশোধের জন্য দেওয়া চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে আইনি নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আব্দুল মান্নানকে চার মাসের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে শনিবার মামলায় হাজিরা দিতে আদালতে গেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

