আজকের সময়ের সেরা খবর
এয়ারপোর্ট থানার অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক আটক
Spread the love

এইসময় ডেক্স:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের সংকেত অমান্য করে ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান।

রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে প্রায় ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যান। এ সময় চালকের সঙ্গে হেলপার ও অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান।

পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ ছাড়া হলুদ রঙের টাটা ব্র্যান্ডের একটি হাইড্রোলিক ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ২৩, The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।