আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে মডেল প্রেসক্লাবের শুভেচ্ছা
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনবার্তায় ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ ও ট্রেজারার মনির আহমদসহ নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গত ১৮ অক্টোবর যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিনন্দনবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করেও বিশ্বনাথের মানুষের কল্যাণে এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের এ অবদান বিশ্বনাথের শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁরা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে দায়িত্ব পালন করে যে সুনাম অর্জন করেছেন, নবনির্বাচিত কমিটি তা অক্ষুণ্ন রাখবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি ট্রাস্টের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বার্তায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনার পাশাপাশি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন জানান সভাপতি এম.আর. টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সহসভাপতি মো. রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য শুকরান আহমদ রানা, মো. মশাহিদ আলী ও আফজল মিয়া।