আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নব নির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ উপজেলা সমিতির অভিনন্দন
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেট। ট্রাস্টের নতুন পরিচালনা পর্ষদে বিশ্বনাথ উপজেলা সমিতির পাঁচ আজীবন সদস্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাঁদের এ অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, ট্রেজারার মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন।

এক যৌথ অভিনন্দন বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান সিদ্দিকী (মুক্তা) নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা পর্ষদের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

বিবৃতিতে তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত পর্ষদ প্রবাসে বিশ্বনাথের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি জন্মভূমির শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ট্রাস্টের চলমান উদ্যোগ ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন।

বিবৃতির শেষাংশে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।