একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রামপাশা বাজারে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় রামপাশা বাজারে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনীকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও সবার কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিনেই রামপাশা বাজারে বিদ্যালয়ের বহু প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। প্রথম দিনেই প্রায় ৬০টি রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, রামপাশা বাজারে কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে আশুগঞ্জ বাজার, বৈরাগী বাজার, আমতৈল বাজার, সোনালী বাংলাবাজার, সিংগেরকাছ বাজারসহ এলাকার বিভিন্ন বাজারে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পেইন কার্যক্রমে অংশ নেন শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব এবং একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার মো. হেকিম উদ্দিন, প্রাক্তন ছাত্র রুপ আলী, রামপাশা বাজার কমিটির সভাপতি সায়েদ আলী, বিশিষ্ট মুরব্বি মো. চমক আলী ও দিল কদর আলী, সাবেক পুলিশ কর্মকর্তা রাজু মিয়া এবং ফুটবলার ফরিদ উদ্দিন মঞ্জর।
এ ছাড়া উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য সচিব সালেহ আহমদ সাকী, রেজিস্ট্রেশন ও তথ্য উপকমিটির আহ্বায়ক আতিকুর রহমান, অর্থ ও বাজেট উপকমিটির সদস্য ফয়জুন নূর, আপ্যায়ন উপকমিটির সদস্য ইসলাম উদ্দিন, প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য শাহিন আহমদ, তরুণ উদ্যোক্তা খলিলুর রহমান মাসুম, কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়েজ আহমদ ফাহিম, প্রাক্তন ছাত্র ফাহাদুল ইসলামসহ আরও অনেকে।
রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

