আজকের সময়ের সেরা খবর
শুরুতেই ভেঙে পড়ার শঙ্কা: নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ স্থগিত

এই সময় ডেস্ক:

শুরুতেই বড় ধরনের হোঁচট খেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃত্বে গঠনের উদ্যোগ থাকা নতুন রাজনৈতিক জোট। বহু প্রত্যাশিত এই জোটটির গতকাল আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। বৃহস্পতিবার সকালে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোটের আত্মপ্রকাশ উপলক্ষে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হঠাৎই স্থগিত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চার দলের এই জোট গঠনের আলোচনা বেশ জোরদার হয়েছিল। এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এই চারটি রাজনৈতিক দল মিলে নতুন একটি বিকল্প ধারা তৈরি করতে চাইছিল। সব প্রস্তুতি প্রায় শেষ হলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তির মুখে আপ বাংলাদেশকে জোটে অন্তর্ভুক্ত করা যায়নি। ফলে প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ অনিশ্চয়তায় পড়ে স্থগিত হয়ে যায় আনুষ্ঠানিক ঘোষণা।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া আপাতত পিছিয়েছে। কিছুদিন পর জোটের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সবকিছু চূড়ান্ত হলে আমরা গণমাধ্যমকে জানাব।’

সূত্রে জানা যায়, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠকে আপ বাংলাদেশকে নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। দলের একটি বড় অংশ আপ বাংলাদেশকে নতুন জোটে নিতে রাজি হয়নি। বৈঠকে বিষয়টি গৃহীত না হওয়ায় এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়—তারা আপ বাংলাদেশকে সঙ্গে নিয়ে জোট গঠন করতে আগ্রহী নয়। এই অবস্থায় বাকি দলগুলোও নতুন করে চিন্তায় পড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির দুজন যুগ্ম আহ্বায়ক জানান, দলের কয়েকজন প্রভাবশালী নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট গঠনকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। তাদের মতে, আপ বাংলাদেশকে রেখে জোট করলে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিতে জটিলতা তৈরি হতে পারে। ফলে আপ বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য তিন দল যদি আপ বাংলাদেশ ছাড়া জোটে যেতে রাজি না হয়, তাহলে পুরো জোটই অনিশ্চয়তায় পড়ে যাবে। সেই আলোচনা এখনো চলছে।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোট গঠনের প্রক্রিয়া পিছিয়েছে। আলোচনা অব্যাহত আছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানানো হবে।’ তবে এনসিপি আপ বাংলাদেশকে জোটে নিতে চাইছে না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এনসিপির পক্ষ থেকে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’

সব মিলিয়ে, নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আপাতত স্থগিত। আলোচনার অগ্রগতি এবং দলগুলোর পারস্পরিক সহমত ছাড়া জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।