আজকের সময়ের সেরা খবর
রিপনের ম্যাজিক সুপার ওভারে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল

এই সময় ডেস্ক:

দোহায় এক নাটকীয় লড়াইয়ের পর এশিয়া কাপ রাইজিং স্টারস তথা এমার্জিং এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ওভারে একের পর এক ক্যাচ মিস, ফিল্ডিং ভুল ও শেষ ওভারের নাটকীয়তায় হারতে বসা ম্যাচটি ভারতের সঙ্গে টাই হওয়ার পর গড়ায় সুপার ওভারে। আর সেই সুপার ওভারেই লাল-সবুজদের নায়ক হয়ে ওঠেন পেসার রিপন ম-ল। দুই বলে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ১ রানের লক্ষ্য দেন তিনি, যা শেষে নিশ্চিত করে টাইগারদের স্মরণীয় জয়।

সুপার ওভারের নায়ক রিপন

পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে নেওয়া রিপন সুপার ওভারে প্রথম বলেই ইয়র্কারে বোল্ড করেন জিতেশ শর্মাকে। দ্বিতীয় বলেও প্রায় একই লেংথে ডেলিভারি করে তুলে মারতে বাধ্য করেন আশুতোষকে; বলটি অফে ধরা পড়লে ভারত হারায় দ্বিতীয় উইকেট। নিয়ম অনুযায়ী দুই উইকেট পড়ায় ভারত বাকি বল খেলতে পারেনি। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান।

তবে এখানেও তৈরি হয়েছিল অপ্রত্যাশিত উত্তেজনা। ইয়াসির আলী প্রয়োজনীয় ১ রান নেয়ার বদলে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন। শেষ পর্যন্ত ভারতীয় বোলার সুয়াশ শর্মার একটি ওয়াইড বল Bangladesh ‘A’ দলকে এনে দেয় জয়ের নিশ্চয়তা।

শেষ ওভারের নাটকীয়তা

এর আগে নির্ধারিত ২০ ওভারের ম্যাচে বাংলাদেশ নিজেদের ভুলে ম্যাচ প্রায় হাতছাড়া করেই ফেলেছিল। ৫ উইকেটে ১৭৯ রান করা ভারতের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। বল হাতে আসেন রাকিবুল হাসান। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিলেও তৃতীয় বলে ছক্কা হাঁকান আশুতোষ। চতুর্থ বলে সোজা ফিল্ডারের হাতে যাওয়া বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন জিসান আলম; বরং হাত ফস্কে বাউন্ডারি হয়ে যায়। শেষ দুই বলে দরকার পড়ে ৪ রানের।

রাকিবুল পঞ্চম বলে ইয়র্কারে বোল্ড করেন আশুতোষকে। শেষ বলে ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ করতে না পারলেও দুই প্রান্ত বদল করে নেয় ভারত। এরপর ফিল্ডারের থ্রো স্টাম্পে লাগাতে গিয়ে ভুল করেন অধিনায়ক আকবর আলী। এক রানের সুযোগ কাজে লাগিয়ে ভারত ম্যাচ সমতায় আনে।
একটি সহজ থ্রো হাতে ধরে রাখলে জয় নিশ্চিত হতো বাংলাদেশ দলের।

বাংলাদেশের ইনিংস

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। জিসান আলমকে সঙ্গে নিয়ে মাত্র ৪.২ ওভারে ৪৩ রানের জুটি গড়েন হাবিবুর রহমান সোহান। জিসান ২৬ রানে আউট হলেও সোহান একপ্রান্ত ধরে রেখে খেলেন ৪৬ বলে ৬৫ রানের ইনিংস।

মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ পড়ে বাংলাদেশে। তবে মেহরবের ঝোড়ো ব্যাটিং এবং শেষ দিকে ইয়াসির রাব্বির কার্যকরী ইনিংসে দল দাঁড় করায় চ্যালেঞ্জিং ১৯৪ রান।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ

সেমিফাইনালের এই রোমাঞ্চকর জয় বাংলাদেশ ‘এ’ দলকে প্রথমবারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারস/এমার্জিং এশিয়া কাপের ফাইনালে তুলেছে। আগামীকাল ফাইনালে তারা মুখোমুখি হবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কা ‘এ’ দলের।