আজকের সময়ের সেরা খবর
একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুর রশিদ ইউসুফ।

সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শতবর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, আব্দুল হক ও ফখর উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ , সাবেক ছাত্র ও বর্তমান জালালাব ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. হাসমত উল্লাহ, সাবেক ছাত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ড. মুজিবুর রহমান, সাবেক ছাত্র ও একলিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান খান, সাবেক ছাত্র ও পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার হেকিম উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর আহমদ, সাবেক ছাত্র  বিয়ানী বাজার সৈয়দ নবীব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাদেক মিয়া।

বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের ঐতিহ্য ও গৌরবের ধারক এ শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি একটি ঐতিহাসিক মাইলফলক। তাই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে শতবর্ষপূর্তি অনুষ্ঠানকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে হবে। এ লক্ষ্যে এখন থেকেই সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন , সৈয়দ লোকমান হোসেন, সুবিনয় মালাকার, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ,  মুজিবুর রহমান, আনিছুজ্জামান খান, আবুল কাহার, আতাউর রহমান, আতিকুর রহমান, গোলাম হোসেন, ইসলাম উদ্দিন, শহীদ আহমদ, মরতুজ আলীসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় শতবর্ষপূর্তি উদযাপন সম্ভাব্য তারিখ আগামী ২৬,২৭ ডিসেম্বর কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

জাফলংয়ে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

আনন্দ-উচ্ছ্বাস, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সিলেটের জাফলংয়ে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টায় বিশ্বনাথ ব্রিজ থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্যরা। এ সময় আনন্দ ভ্রমণে প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে ফ্রান্সপ্রবাসী আহমেদ পারভেজও তাঁদের সঙ্গে ছিলেন।

পথিমধ্যে পীরের বাজারে নাস্তা ও চা পানের জন্য যাত্রাবিরতি করেন তারা। পরে জাফলংয়ে পৌঁছে চা-বাগান, জিরো পয়েন্ট, খাসিয়া পুঞ্জি ও মায়াবী ঝর্ণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন প্রেসক্লাব সদস্যরা। পরে জাফলং বাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন।

দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে আড্ডা, গল্প ও হাসি-আনন্দে সময় কাটান প্রেসক্লাবের সদস্যরা। কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির সান্নিধ্যে সহকর্মীদের সঙ্গে এমন সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে জানান আয়োজনে অংশ নেওয়া সদস্যরা।

আনন্দ ভ্রমণের অর্থায়ন করেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজ। এ বিষয়ে তিনি বলেন, “ব্যস্ত কর্মজীবনের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটানো এবং পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

আনন্দ ভ্রমণে অংশ নেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য মোশাহিদ আলী ও আফজাল মিয়া।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আনন্দ ভ্রমণ শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সংগঠনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নবাগত ইউএনও জাহিদ বিন কাশেমের সঙ্গে বিশ্বনাথের সাংবাদিকদের মতবিনিময় সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী ও কামাল মুন্না, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার বিষয়টি তুলে ধরেন। তাঁরা নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্বনাথের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস সদস্য জাহান, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, হাবিব আহমদ, আরকুম আলীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বনাথেএকলিমিয়াদ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সাফল্যের ঝলক, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের মাধ্যমে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব বয়ে এনেছে। বিজ্ঞান, উদ্ভাবন ও সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের কারণে বিদ্যালয়টি এখন উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত “Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” প্রতিযোগিতায় বিশ্বনাথ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়। এ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষার্থীরা আগামী রোববার (১৪ জুন) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য শিক্ষার্থী অহনা, জান্নাহ ও রুমকি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা-এর উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দুটি গুরুত্বপূর্ণ অর্জন ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। গত ১৬ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থী ইফতেখার হোসেন বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করেন। একইভাবে ‘নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মাহিয়া বেগম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হন।

বর্তমানে ইফতেখার হোসেন ও মাহিয়া বেগম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছেন।

এ বিষয়ে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমেদ বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডেও নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। তাদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। আগামী দিনেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কাছে সকল বিজয়ী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেন।

ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথে পুলিশের বিশেষ মহড়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের বিশ্বনাথে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ।

রবিবার (২৪মে) দিনব্যাপী বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার-হাট এবং গরুর বাজারে এ মহড়া পরিচালনা করা হয়।

জানা যায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং তারা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পাশাপাশি ব্যস্ত বাজার ও পশুর হাট এলাকায় টহল জোরদার করে।

এসময় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন পুলিশ সদস্যরা। বিশেষ করে গরুর বাজারে ক্রেতা-বিক্রেতাদের সতর্কতার সাথে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। এছাড়াও থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ পৌর সভায় ভিজিএফের চাল বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভা এলাকায় অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার মোট ১ হাজার ৫শ ৪৯টি পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টায় বিশ্বনাথ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৫ দশমিক ৪৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মনির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ট্যাগ অফিসার যাদব আচার্য্য, কর আদায়কারী মো. মুহিবুল হাসান, সহকারী কর আদায়কারী মো. নাজির হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. মোতালিব হোসেন এবং পৌরকার্য সহকারী জগন্নাথ সাহাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ^নাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগসহ সাংবাদিকবৃন্দ।

উপস্থিত কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি অসচ্ছল পরিবারের ঈদের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বনাথে জমজমাট ‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিজ্ঞান মেলা’। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা ১২টি স্টলের মাধ্যমে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন শেষে ইউএনও উম্মে কুলসুম রুবি স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছাড়া আধুনিক বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, আইসিটি কর্মকর্তা শোয়েব আখতার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলাটি আগামী কয়েকদিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন গণমানুষের নেতা: হুমায়ুন কবির

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য প্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) পৌর শহরের কারিকোনা গ্রামের ফুটবল খেলার মাঠে মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও গণমানুষের নেতা। তাঁর সাথে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ছিল আন্তরিক ও গভীর সম্পর্ক। মানুষের ভালোবাসা ও আস্থার কারণেই তাঁকে দু’দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এই এলাকার জনগণ। রাজনৈতিক অঙ্গনে তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড় শূন্যতা তৈরি করেছে। ব্যক্তিগতভাবেও তিনি তাঁর এই সহযোদ্ধার অভাব গভীরভাবে অনুভব করবেন বলে উল্লেখ করেন।

এ সময় তিনি আরও বলেন, সাবেক এমপি ইলিয়াস আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর অনুপস্থিতি এলাকায় অভিভাবক শুন‌্যতা দেখা দিয়েছে। তবে সেই শূন্যতা পূরণে তিনি সবসময় বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, আপনারা আমার পাশে থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান সরকারের আমলে বিশ্বনাথ তথা সিলেট-২ আসনের উন্নয়ন কোনোভাবেই থেমে থাকবে না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উন্নয়নের ক্ষেত্রে তিনি সবসময় বিশ্বনাথকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে দল-মত নির্বিশেষে রাজনীতিতে সৎ ও যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। এখন সময় ভালো মানুষের রাজনীতিতে এগিয়ে আসার। তিনি জোর দিয়ে বলেন, এই এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা অপরাধীর স্থান নেই। বিশ্বনাথ-ওসমানীনগর শান্তিপ্রিয় ও ভালো মানুষের এলাকা হিসেবেই পরিচিত থাকবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। মানুষের কল্যাণে যেকোনো উদ্যোগে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে তিনি সবসময় প্রস্তুত আছেন বলেও জানান।

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে এবং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

এ সময় প্রবাস থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার, বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মরহুমের বড় ভাই মুক্তার আহমেদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

বিশ্বনাথে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন, বাসিয়া নদীকে রক্ষা করতে হলে আগে সরকারদলীয় নেতাকর্মীদেরই এগিয়ে এসে নিজেদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো স্বেচ্ছায় ও নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এতে জনগণের কাছে প্রমাণিত হবে যে তারা সত্যিকার অর্থে জনকল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, বিশ্বনাথ পৌরসভায় বসবাসকারী জনগণ নিয়মিতভাবে পৌরকর পরিশোধ করে আসছেন। কিন্তু সেই করের টাকা দিয়ে পৌর প্রশাসন কী ধরনের উন্নয়নমূলক কাজ করছে কিংবা কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, সে বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে না। জনসাধারণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছেন। নির্বাচন পূর্বে বিএনপিও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এতে করে তারা জনরায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথে দোয়া ও ইফতার মাহফিলে তাহসিনা রুশদীর লুনা :

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নতুন সরকারের বয়স মাত্র কয়েকদিন হলেও জনগণের প্রত্যাশা পূরণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আপনারা যে আস্থা ও প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। আগামী পাঁচ বছর হবে উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বছর।”

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৌর শহরের রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ‌্যালয়ের  মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “দল বা ক্ষমতার নাম ব্যবহার করে কেউ যেন দুর্নীতি, দখলবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন। আমরা চাই এই জনপদ হোক দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি উজ্জ্বল উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন মূলত এম. ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে। আমি সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে বিভিন্ন খাল পুনঃখনন, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই বিশ্বনাথ ও ওসমানীনগরকে এমন একটি জনপদ হিসেবে গড়ে তুলতে, যেখানে থাকবে শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পরিবেশ।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও জনস্বার্থের বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ‌ব‌্যারেস্টার আবরার ইলিয়াস অর্নব। স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম।

দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা এবং দীর্ঘদিন ধরে নিখোঁজ এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সমন্বয়ক মাওলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি এলাকায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।