আজকের সময়ের সেরা খবর
রামপাশা ইউনিয়নকে গ্রিন, ক্লিন ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়তে চাই: মাহতাব উদ্দিন

বিশ্বনাথ প্রতিনিধি:

আসন্ন ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহতাব উদ্দিনের সমর্থনে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বৃহত্তর আমতৈল গ্রামের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহতাব উদ্দিন বলেন, ঐতিহ্যবাহী ৪নং রামপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর ইউনিয়ন গড়তে হলে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমি এমন একটি ইউনিয়ন উপহার দিতে চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের স্থান। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের নাগরিক অধিকার ও ন্যায্য সেবা পেতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।

তিনি বলেন, ইউনিয়নের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা এবং কর্মসংস্থানমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

মাহতাব উদ্দিন বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

আমতৈল জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং মো. নিয়াজুল হকের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শামসুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আমতৈল গ্রামের মাওলানা জিয়া উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন আমতৈল গ্রামের হাফিজ ইমামুল ও বুরহান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন আমতৈল গ্রামের মুরব্বি সিরাজুল ইসলাম, জমশেরপুর গ্রামের মুরব্বি মো. আনা মিয়া, মো. খলিলুর রহমান, মো. কবির আহমদ, মো. রব মিয়া, সায়েক মিয়া, ফজলু হক, আঙ্গুর মিয়া, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, কবির মিয়া, শুকুর আলী, লায়েছ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বিশ্বনাথে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে প্রবাসীরা সবসময় আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেন। প্রবাসে অবস্থান করলেও দেশের যেকোনো দুর্যোগে তাঁরা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে প্রবাসী তুফাজ্জল আলম দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে ফিরেই শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী তুফাজ্জল আলমের বাড়িতে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনার পুত্র ব্যারিস্টার মো. আবরার ইলিয়াস অর্ণব।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময়ও তুফাজ্জল আলম দেশের মানুষের পাশাপাশি যুক্তরাজ্যে অসহায় মানুষের ঘরে ঘরে ফুড প্যাক পৌঁছে দিয়েছেন। বিশ্বনাথের সব প্রবাসী যেন এভাবেই মানবতার কল্যাণে এগিয়ে আসেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‘মানবতার সেবায় এগিয়ে আসুন, শীতার্ত মানুষের পাশে থাকুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

হাজী নজির মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল আহমদের সভাপতিত্বে এবং আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনের সেক্রেটারি, হাজী নজির মিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক তুফাজ্জল আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খাঁন মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাজী তুতা মিয়া, ম্যানচেস্টার জামে মসজিদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী হাজী আনছার উদ্দিন এবং ল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. নেছাওর আলী (বিএ)।

এছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।