আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথের দশঘর ও দৌলতপুরে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ও দৌলতপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ, যাচাই ও সংরক্ষণ করা হচ্ছে।

শুমারি কার্যক্রমের উদ্বোধন ও প্রথম দিনের কার্যক্রম পরিদর্শনকালে সংশ্লিষ্টরা জানান, প্রকৃত ও দুস্থ পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনাই এ শুমারির মূল উদ্দেশ্য। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিটি পরিবারের সুনির্দিষ্ট তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে ভবিষ্যতে সরকারি সহায়তা সঠিক উপকারভোগীদের মধ্যে বণ্টন করা সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাওসার খান।

এছাড়া দুই ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় শুমারি কার্যক্রম স্বচ্ছতা ও সুশৃঙ্খলতার সঙ্গে সম্পন্ন হবে। এর মাধ্যমে দশঘর ও দৌলতপুর ইউনিয়নের প্রকৃত উপকারভোগীরা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাবেন।