আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিনের ছেলে মাহির এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জন করেছে মাহি আহমদ। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ কৃতিত্ব অর্জন করে। মাহির এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মাহি আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের বাসিন্দা এবং একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিনের ছেলে।

এর আগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও মাহি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল। পাশাপাশি ফখর উদ্দিনের জমজ দুই ছেলে রাহি ও রাফিও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় A+ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সন্তানদের ধারাবাহিক সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে সাবেক শিক্ষক ফখর উদ্দিন জানান, বর্তমানের প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় সন্তানদের এমন অর্জন তাঁদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। তাদের এ সাফল্যের পেছনে রয়েছে পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা।

তিনি মহান আল্লাহর কাছে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা যেন উচ্চশিক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে। এ জন্য তিনি সবার কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, হামলার শিকার দুই সাংবাদিক

সিলেট প্রতিনিধি:

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকের মাথা ফেটে যায়। আহত অপর সাংবাদিকও চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা দুই সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাঁদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে রেজা রুবেলের মাথা ফেটে যায়। পরে তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপর সহকর্মীরা তাঁদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোগীর স্বজনদের কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসাসেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা

সাংবাদিক ও রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকদের ডাকে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখার খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ সময় অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যান বলে জানা গেছে। পাশাপাশি রাতে হাসপাতাল এলাকায় লাঠিসোঁটা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের শোডাউন দেওয়ার দৃশ্যও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাংবাদিক নেতাদের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ঘটনার প্রতিবাদে বুধবার গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে জরুরি প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিক নেতারা।

সমাবেশ থেকে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশ্বনাথে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ, একাডেমিক সুপারভাইজারসহ সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় এডহক কমিটির সভাপতি প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো উত্তরণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে শিক্ষকদের নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে কমিটি ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে নবগঠিত এডহক কমিটির এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত  ————————আনসার ভিডিপি উপমহাপরিচালক 

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা রোডের আহাদ ম্যানশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বিএএম, এনডিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, ‘বিশ্বনাথে ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর। এ যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী প্রযুক্তি প্রশিক্ষণও তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও এআই প্রযুক্তির মতো সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব বিষয়ে দক্ষতা অর্জন করে তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তুলতে পারবেন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী কয়েছ শিকদার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দে।
অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা ও আনসার-ভিডিপি সদস্য হিরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাউলধনী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল। শেষে দোয়া পরিচালনা করেন ব্রাইট ফিউচার স্কুলের সহকারী শিক্ষক মাওলানা বিলাল আহমদ।

বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির আত্মপ্রকাশের উদ্যোগ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ পৌরসভার নাগরিকদের অধিকার বাস্তবায়ন এবং নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যে ‘বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টায় পৌর শহরের একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গৌছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার নাগরিক অধিকার, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রস্তাবিত কমিটির কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের বিষয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর সিদ্দিকী, সংগঠক তাজ উদ্দিন, আব্দুস সোবহান মেম্বার, রাজনীতিবিদ শাহজাহান আলী, শাহ আমির উদ্দিন, শামছুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, বাবুল মিয়া, ময়নুল ইসলাম, হেলাল মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার এবং সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী।

একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রামপাশা বাজারে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় রামপাশা বাজারে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনীকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও সবার কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিনেই রামপাশা বাজারে বিদ্যালয়ের বহু প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। প্রথম দিনেই প্রায় ৬০টি রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, রামপাশা বাজারে কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে আশুগঞ্জ বাজার, বৈরাগী বাজার, আমতৈল বাজার, সোনালী বাংলাবাজার, সিংগেরকাছ বাজারসহ এলাকার বিভিন্ন বাজারে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইন কার্যক্রমে অংশ নেন শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব এবং একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার মো. হেকিম উদ্দিন, প্রাক্তন ছাত্র রুপ আলী, রামপাশা বাজার কমিটির সভাপতি সায়েদ আলী, বিশিষ্ট মুরব্বি মো. চমক আলী ও দিল কদর আলী, সাবেক পুলিশ কর্মকর্তা রাজু মিয়া এবং ফুটবলার ফরিদ উদ্দিন মঞ্জর।

এ ছাড়া উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য সচিব সালেহ আহমদ সাকী, রেজিস্ট্রেশন ও তথ্য উপকমিটির আহ্বায়ক আতিকুর রহমান, অর্থ ও বাজেট উপকমিটির সদস্য ফয়জুন নূর, আপ্যায়ন উপকমিটির সদস্য ইসলাম উদ্দিন, প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য শাহিন আহমদ, তরুণ উদ্যোক্তা খলিলুর রহমান মাসুম, কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়েজ আহমদ ফাহিম, প্রাক্তন ছাত্র ফাহাদুল ইসলামসহ আরও অনেকে।

রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক রাবেল আহমেদ

বিশ্বনাথ প্রতিনিধি:

পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৪ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. রফিক আহমেদ, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন এবং প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির মাধ্যমে প্রবাসী বিশ্বনাথবাসীদের স্বার্থ সংরক্ষণ, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগাল প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ তুলে ধরতেও সংগঠনটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং প্রবাসী বিশ্বনাথবাসীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ইমাম-আলেমদের জন্য রক্ত দিতেও পিছপা হব না: ধর্মমন্ত্রী

এই সময় ডেস্ক:

ইসলামের ধারক-বাহক ইমাম ও আলেমদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে নিজের রক্ত দিতেও পিছপা হবেন না।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “এ দেশের ইমাম-আলেম, কওমি ওলামায়ে কেরাম, যারা ইসলামের ধারক-বাহক, তাদের জন্য যদি গায়ের রক্ত দিতে হয়, তবে রক্ত দেব। দ্বিধা করব না, ইনশাআল্লাহ।”

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসায় যৌন নিপীড়নসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এ সময় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ যাতে উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপরও জোর দেন তিনি। মসজিদে জুমার খুতবায় এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। তাঁর মতে, সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ইমামদের পেশাগত ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তুলে ধরেন তাঁরা।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নব নির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ উপজেলা সমিতির অভিনন্দন

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেট। ট্রাস্টের নতুন পরিচালনা পর্ষদে বিশ্বনাথ উপজেলা সমিতির পাঁচ আজীবন সদস্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাঁদের এ অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, ট্রেজারার মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন।

এক যৌথ অভিনন্দন বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান সিদ্দিকী (মুক্তা) নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা পর্ষদের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

বিবৃতিতে তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত পর্ষদ প্রবাসে বিশ্বনাথের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি জন্মভূমির শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ট্রাস্টের চলমান উদ্যোগ ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন।

বিবৃতির শেষাংশে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি:

ফ্রান্সের রাজধানী প্যারিসে নিখোঁজ রয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের মস্তাব আলী টেইলারের ছেলে ফয়ছল আহমেদ। গত ১৪ অক্টোবর থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ফ্রান্সের প্যারিস থেকে হঠাৎ নিখোঁজ হন ফয়ছল আহমেদ। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এদিকে, নিখোঁজ ফয়ছল আহমেদের সন্ধান পেতে প্যারিসের স্থানীয় প্রশাসনসহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেট ও বিশ্বনাথের প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

কোনো হৃদয়বান ব্যক্তি ফয়ছল আহমেদের সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁকে কোথাও দেখে থাকলে ০৭৫৮০১৪৬৩৬ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ ফয়ছল আহমেদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছে তাঁর পরিবার।