আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ, একাডেমিক সুপারভাইজারসহ সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় এডহক কমিটির সভাপতি প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো উত্তরণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে শিক্ষকদের নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে কমিটি ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে নবগঠিত এডহক কমিটির এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।