বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করলেন সিলেট-২ আসনের প্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসীমী
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের রমজানপুর (সত্তিশ) গ্রামে সিলেট-২ আসনের সংসদ পদপ্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসীমী কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মাঝে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজানপুর গ্রামের প্রবীণ মুরব্বী মঞ্চব আলী এবং পরিচালনা করেন সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব। শুরুতে অতিথিবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং এমন মানবিক কর্মকাণ্ডকে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।
বক্তব্য রাখেন পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান হুজাইফি। তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই শীতবস্ত্র বিতরণ মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। এ ধরনের উদ্যোগ সমাজে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে। এছাড়াও বক্তব্য রাখেন ধুপাখলা গ্রামের মুরব্বি আব্দুল তাহিদ, সত্তিশ গ্রামের মুরব্বি রইছ আলী, এখলাছ উদ্দিন ও রমজানপুর গ্রামের ফরিদ উদ্দিন।
তারা সকলেই ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসীমীর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সালেহ আহমদ সাকী, প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্বাস হোসেন ইমরান , আখতার আহমদ শাহেদ, নুরুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান হুজাইফি। তিনি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে রমজানপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ কঠোর শীতের দিনে অসহায় মানুষের জন্য বড় উপহার।

