আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প: সুলভ চিকিৎসা সেবায় প্রতিশ্রুতি অধ্যাপক আব্দুল হান্নানের

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, সমাজে এমন বহু মানুষ আছেন যারা অর্থনৈতিক সংকটের কারণে শহরে গিয়ে দক্ষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কথা বিবেচনাতেই এ ধরনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে এবং আমি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে তৃণমূল পর্যায়ের গরীব মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান, সে লক্ষ্যেই কাজ করবো। মানুষকে সাহায্য করতে সবসময় টাকা লাগে না—মনের ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী এ পথে কাজ করছে।”

শনিবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এ ক্যাম্পে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বিভিন্ন বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল থেকে ক্যাম্প এলাকায় রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ—সব মিলিয়ে দিনব্যাপী এই আয়োজন এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড রিকাবী বাজার শাখার ইনচার্জ মামুন সরকার ও ওসমানীনগর ইসলামীক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী মাষ্টার ইমাদ উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান, জাহিদুর রহমান, মাষ্টার বাবুল মিয়া, আশিকুর রহমান, হাফিজ মোহাম্মদ আলী, ফখর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।