আজকের সময়ের সেরা খবর
ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, হামলার শিকার দুই সাংবাদিক

সিলেট প্রতিনিধি:

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকের মাথা ফেটে যায়। আহত অপর সাংবাদিকও চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা দুই সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাঁদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে রেজা রুবেলের মাথা ফেটে যায়। পরে তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপর সহকর্মীরা তাঁদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোগীর স্বজনদের কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসাসেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা

সাংবাদিক ও রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকদের ডাকে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখার খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ সময় অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যান বলে জানা গেছে। পাশাপাশি রাতে হাসপাতাল এলাকায় লাঠিসোঁটা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের শোডাউন দেওয়ার দৃশ্যও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাংবাদিক নেতাদের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ঘটনার প্রতিবাদে বুধবার গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে জরুরি প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিক নেতারা।

সমাবেশ থেকে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।