বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৭৫৫ শিক্ষার্থী
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌর শহরের রামসুন্দর মডেল অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় উপজেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচেপড়া ভিড় দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন ইমরান, আহ্বায়ক মশিউর রহমান, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী এবং আটলান্টিক ট্রাভেলসের স্বত্বাধিকারী খছরু ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

