বিশ্বনাথে একলিমিয়া উচ্চ বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ জন আইসিটি বিষয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।
বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ। বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।
একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুর রশিদ ইউসুফ। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শোয়েব আক্তার।
প্রশিক্ষণে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, এর বিভিন্ন চ্যালেঞ্জ এবং শিক্ষাক্ষেত্রে এ প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ সম্পর্কে শিক্ষকদের ধারণা প্রদান করা হয়।
আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

