আজকের সময়ের সেরা খবর
দোষারোপের রাজনীতি ছাড়তে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

এইসময় ডেস্ক:

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ গড়তে তরুণদের পরামর্শ চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের ভাবনা ও প্রস্তাবকে গুরুত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের পরামর্শ নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করা হবে।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

জলাবদ্ধতা ও পানি সংকট প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, খাল খননের মাধ্যমে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই। জনগণ তখন সেই দলের পাশে দাঁড়ায় না।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজির মতো সমস্যা সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দেওয়া হয়, তাহলে এসব অপরাধ অনেকটাই কমে আসবে।

ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা চিহ্নিত করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো গেলে মানসম্মত শ্রমশক্তি রফতানি সম্ভব হবে।

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, শুধু জেলায় জেলায় হাসপাতাল নির্মাণ করলেই টেকসই সমাধান আসে না। এতে সময় ও ব্যয় দুটোই বেশি লাগে। বরং হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা গড়ে তুললে দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা তৈরি করা সম্ভব।

শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগের আওতায় আনা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান নিশ্চিত করা যাবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

আর্তসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি মো. মাফিজ খান পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা-২০২৫’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও প্রবাসে শিক্ষা, মানবিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মাফিজ খানকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে।

আগামী ২৭ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি কবি নজরুল একাডেমী রিকাবী বাজার,সিলেট-এ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে মো. মাফিজ খানকে এ সম্মাননা প্রাপ্তির বিষয়টি অবহিত করেন।

মো. মাফিজ খান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত জালালাবাদ সুন্নি জামে মসজিদ-এর সাবেক ট্রাস্টি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গ্রেটার সিলেট  ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট কাউন্সিল, ওয়েস্ট মিডল্যান্ড রিজন-এর সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি, বার্মিংহাম-এর সাবেক সভাপতি ছিলেন।

তিনি গ্রেটার বিশ্বনাথ উপজেলা সমিতি, ওয়েস্ট মিডল্যান্ড-এর সাবেক সভাপতি, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ প্রবাসী শিক্ষা কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এবং বাংলাদেশ সেন্টার, লন্ডন -এর আজীবন সদস্য এবং লন্ডন ও বাংলাদেশ থেকে প্রকাশিত মাসিক “বাংলা কাগজ” পত্রিকার সভাপতি মন্ডলির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়ান পাউন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা দাতা সদস্য, বিশ্বনাথ এইড এর সদস্য, বিশ্বনাথ এইট্ এবং বিশ্বনাথ ইউনিয়ন এন্ড ওয়েলফেয়ারের ট্রাস্টসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সত্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর মাধ্যমে প্রতিবছর উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানসহ দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একজন দায়িত্বশীল কমিউনিটি লিডার হিসেবেও তিনি সুপরিচিত।

এছাড়া তিনি ১৯৯৩ সালে একক ভাবে নিজ অর্থায়নে ৫লক্ষাধিক টাকা ব্যায়ে আমির্তি নদীর পার থেকে নিজ গ্রামের রাস্তায় গার্ডওয়াল সহ মাঠি ভরাট এবং ইট সলিং করেন। অসংখ্য গৃহহীন মানুষকে নিজ অর্থায়নে গৃহনির্মাণ করে দিয়েছেন এবং সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিজ অর্থায়নে নিয়মিত সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছেন।

তার এই বহুমুখী ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা প্রশাসনের উদ্যোগে তাকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বনাথে ড. লুৎফুর রহমান ক্বাসীমীর মানবিক উদ্যোগ: দুই শতাধিক ইজিবাইক ও অটোরিকশা চালকের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দরিদ্র ও শ্রমজীবী মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে পাশে দাঁড়িয়ে আসছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ড. লুৎফুর ক্বাসীমী। তারই ধারাবাহিকতায় শীতার্ত ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ) বাদ জোহর বিশ্বনাথ পৌরসভার কারীকোনা এলাকার চাদের হাট রেস্টুরেন্টে এ উপহার সামগ‌্রী বিতরণ করা হয়।
মানবিক এ উদ্যোগের পুরো আয়োজন ও ব্যয়ভার বহন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত পদপ্রার্থী নেতা ড. লুৎফুর রহমান ক্বাসীমী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কঠোর শীতের এই সময়টিতে সবচেয়ে বেশি কষ্টে থাকেন ইজিবাইক ও অটোরিকশা চালকরা। তাদের কষ্ট লাঘব করতেই ড. ক্বাসীমীর পক্ষ থেকে এ উপহার বিতরণের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সমাজকর্মী ও আয়োজকরা চালকদের হাতে রিকশার লোগো সম্বলিত টি–শার্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবী মাওলানা আশরাফুল হক। সার্বিক সঞ্চালনায় ছিলেন বিশ্বনাথ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শেখ আব্দুল বাছিত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার দায়িত্বশীল হাফিজ মাওলানা রুহুল আমিন জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, দশঘর ইউনিয়নের নির্বাহী সদস‌্য মাওলানা শেখ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিসের সদস্য মো. নোমান আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “ড. লুফুর রহমান ক্বাসীমী দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র, দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার মানবিক সহায়তা এলাকায় প্রশংসনীয় উদাহরণ তৈরি করেছে। শীত মৌসুমে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো সত্যিকারের মানবিকতার বহিঃপ্রকাশ।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই শতাধিক ইজিবাইক ও অটোরিকশা চালকের হাতে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
উপহার পেয়ে চালকরা আনন্দ প্রকাশ করেন এবং দাতা যুক্তরাষ্ট্র প্রবাসী ড. লুফুর রহমান ক্বাসীমীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল হক।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

হার দিয়ে শুরু করল বাংলাদেশ! ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে পরাজিত

এই সময় ডেস্ক:

ব্যাটিং ব্যর্থতার হতাশা নিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের লড়াই-জেদে ভরা দুর্দান্ত হাফ–সেঞ্চুরি সত্ত্বেও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্য ছুঁতে পারেনি টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানেই থেমে যায় তাদের সংগ্রহ।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে আইরিশরা যে আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথ তৈরি করে দেয়, তার সামান্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্বাগতিকেরা। শুরু থেকেই যেন আয়ারল্যান্ডের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে মাত্র ২০ রান তুলতে সক্ষম হয় পুরো দল—যেখানে মূলত উইকেটের পতনেই ব্যস্ত থাকতে দেখা যায় ব্যাটারদের। মুহূর্তেই চার উইকেট হারিয়ে চাপের পাহাড়ে ডুবে যায় লাল–সবুজরা।

এই বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে সামনে আসেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও ২০ রানের ব্যক্তিগত স্কোরে ফিরে যান জাকের। এরপর একাই প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ান তাওহিদ হৃদয়। শুরু থেকে শেষ পর্যন্ত অদম্য মনোবলে লড়ে যান তিনি। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের চোখধাঁধানো ইনিংসে ছয়-চার মিলিয়ে তুলে আনেন এক লড়াকু হাফ–সেঞ্চুরি। তবে অন্য প্রান্তে কেউই তাকে সহযোগিতা করতে না পারায় দলীয় সংগ্রহ আর বড় হতে পারেনি। শেষ পর্যন্ত ১৪২ রানের বেশি এগোতে পারেনি বাংলাদেশ, ফলে নিশ্চিত হয় বড় ব্যবধানের হার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমেই ইতিবাচক সূচনা পায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও টিম টেক্টরের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। স্টার্লিং ১৮ বলে ২১ রান করে বিদায় নিলেও পাওয়ার প্লের শেষ পর্যন্ত আগ্রাসন ধরে রাখে আইরিশরা। ছয় ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৮/১।

স্টার্লিং আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন হ্যারি টেক্টর। দুই টেক্টরই দারুণ ছন্দে ব্যাট চালাতে থাকেন। টিম টেক্টর ১৯ বলে ৩২ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলের ৭১ রানের মাথায় আউট হন। এরপর ক্রিজে এলেও বড় কিছু করতে পারেননি লরকান টাকার—১৪ বলে ১৮ রানে ফিরতে হয় তাকে।

দলের রানের গতিতে আরও গতি আনেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের উপর চাপ আরও বাড়তে থাকে। ১৭ বলে ২৪ রান করে ক্যাম্ফার সাজঘরে ফিরলেও টেক্টর তখনো অটল। পরে তার সঙ্গে যোগ দেন জর্জ ডকরেল। শেষদিকে টেক্টরের ব্যাট থেকে বের হতে থাকে তাণ্ডব। চার-ছয়ে সাজানো দুর্দান্ত ইনিংসে ৪৫ বলে ৬৯ রানের অপরাজিত নান্দনিক ব্যাটিংয়ে আইরিশদের স্কোর পৌঁছে যায় ১৮১ রানে। শেষ ওভারে আসে ১৭ রান, যা বড় লক্ষ্য গড়তে সহায়ক হয়।

জর্জ ডকরেলও ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত—রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

এই সময় ডেস্ক:

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত—রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধ পর্যালোচনায় নিয়েছে ভারত। বুধবার (২৬ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ কোনো অনুরোধ পাঠিয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা অনুরোধ পেয়েছি এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সম্পৃক্ত থাকব।’

এদিকে, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ দুই দফায় চিঠি পাঠালেও ভারত থেকে এখনো কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো কোনো উত্তর আসেনি, এত দ্রুত উত্তর আসার প্রত্যাশাও করি না।’

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত দণ্ডাদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

ট্রাইব্যুনাল জানিয়েছেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। এ সময়সীমার মধ্যে তাদের স্বশরীরে আদালতে হাজির হয়ে আপিল করতে হবে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ ইতোমধ্যে রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।