আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে পৌর ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এসএসসি উর্ত্তিন ২০ শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি উর্ত্তিন ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ২টায় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুদান প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন ও বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদিউজ্জামান আহমদ।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশিকান্ত পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক মো. গৌছ খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আবুল খায়ের, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. ইমাদ উদ্দিন এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না।

সভাপতির বক্তব্যে গোলজার খান বলেন, প্রবাসীদের এই উদ্যোগের পেছনে কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোই তাদের মূল লক্ষ্য। শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট বিভাগের মধ্যে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের এগিয়ে নিতে এবং বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে সিলেট বিভাগের মধ্যে একটি আদর্শ অবস্থানে নিয়ে যেতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের যেখানে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদিউজ্জামান আহমদ বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমেই নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারলে সফলতার অর্ধেক পথ এগিয়ে যাওয়া সম্ভব। বাকি অর্ধেক অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাস। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, প্রকৃত জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি বাধাকে সম্ভাবনায় রূপান্তর করে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল গফুর, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম ফকিরসহ বিশ্বনাথের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।

আলোচনা সভা শেষে রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ জন এসএসসি উর্ত্তিন মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।