আজকের সময়ের সেরা খবর
চায়ের দেশ সিলেটে পর্দা উঠলো বিপিএল ১২তম আসরের


এইসময় ডেস্ক:

চায়ের দেশ সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছোট্ট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের সিলেট পর্বের সূচনা হয়।

বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক দল সিলেট টাইটান্স। ঘরের মাঠে বিপিএল যাত্রা শুরু হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখেন সিলেটের ক্রিকেটপ্রেমী সমর্থকরা।

সিলেটের মাঠে বরাবরের মতোই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপিএল ১২তম আসরের প্রথম ম্যাচেই স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তিল ধারণের ঠাঁই না থাকায় টিকিট না পেয়ে অনেক দর্শককে স্টেডিয়ামের বাইরে থেকেই ফিরে যেতে দেখা যায়।

খেলা শুরুর অনেক আগেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন। স্বাগতিক দলকে সমর্থন দিতে অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করেন বিপুল সংখ্যক দর্শক-সমর্থক। আয়োজক সূত্র জানায়, প্রথম দিনের টিকিট আগেভাগেই প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।

তবে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সকে হতাশ হতে হয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটের ব্যবধানে সিলেট টাইটান্সকে পরাজিত করে জয় তুলে নেয়।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠ ও মাঠের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। খেলা উপলক্ষে কোনো ধরনের বড় বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিপিএল সিলেট পর্ব ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো কার্যক্রম পুলিশ কমিশনার নিজে সরাসরি তদারকি করছেন। খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ, আশপাশের এলাকা এবং টিম হোটেলগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, সিলেটের দর্শকরা অত্যন্ত শৃঙ্খলাবান। এখন পর্যন্ত মাঠ বা আশপাশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে দর্শকরা পুরো টুর্নামেন্ট উপভোগ করবেন।

ভোটার হতে শনিবার নির্বাচন ভবনে যাচ্ছেন তারেক রহমান


এইসময় ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে দুপুর ১২টায় নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন করবেন তারেক রহমান।

ভোটার নিবন্ধন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, শনিবার তিনি ভোটার হবেন। এরই মধ্যে তাকে বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হওয়াই যথেষ্ট। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। সে কারণে তার আগেই ভোটার হওয়া বাধ্যতামূলক।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তারেক রহমানের ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তারেক রহমানের রাজনীতিতে রজত জয়ন্তী

সালেহ আহমদ সাকী:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সক্রিয় রাজনীতিতে ২৫ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই রাজনৈতিক অধ্যায়ের রজত জয়ন্তী উদ্‌যাপন করছে দলটি। দলীয় ও বিরোধী রাজনীতির নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি বর্তমানে দেশে ফিরে সশরীরে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

২০০১ সালের পর বিএনপির রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় ভূমিকা দৃশ্যমান হলেও দলীয় সূত্র অনুযায়ী ১৯৯১ সালের সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নেন।

২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হয়ে নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে যান এবং দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে থেকে ভার্চুয়ালি দল পরিচালনা করেন। ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তাঁর দেশে ফেরা দলকে নতুন করে সংগঠিত করবে এবং রাজনীতিতে গতি আনবে। সম্প্রতি ফেসবুক পোস্টে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি নতুন পথচলার ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বনাথে ২৯তম টি-টুয়েন্টিক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় পৌরশহরের প্রবাসী চত্ত্বরে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। টূর্ণামেন্টের স্পন্সর বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। সার্বিক সহযোগিতায় ছিল স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামীম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মামুন, রুকন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়া প্রমুখ।
এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলদের মাঝে জার্সি উপহার দেন স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।
উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১২ টিম নিয়ে পর্দা উঠবে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন টি-টুয়েন্টি ক্রিকেট লীগের।

বুধবার মধ্যরাতে দেশে ফিরছেন তারেক রহমান

এইসময় ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি স্বদেশের পথে যাত্রা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এ ফ্লাইটে তার পরিবারের সদস্যরাও থাকবেন। তিনি আরও জানান, লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতি করবেন। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন—ইনশাআল্লাহ।”

তিনি জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:


ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষাভিত্তিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারবে না। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নির্দিষ্ট পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে যুগোপযোগী ও বহুমাত্রিক জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। তথ্যপ্রযুক্তি, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে না পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান দিয়েই শিক্ষার্থীদেরকে সারাজীবন দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার এলাকায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মঈন উদ্দিন আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। সন্তানদের প্রতি সময় দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই অভিভাবকদের প্রধান দায়িত্ব। মেধাবৃত্তির মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার সাহস তৈরি করে।

উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করে।

রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মো. খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মর্ডাণ একাডেমির প্রিন্সিপাল কবি-গীতিকার এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবসায়ী নাসির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওসমানীনগর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

এই সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে— যে অধিকার স্বৈরাচারী সরকার কেড়ে নিয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী এ আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনি শহীদ শরীফ ওসমান হাদির বৃহৎ জানাজা নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমাদের হাতে প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা এটিকে একটি দৃষ্টান্তমূলক নির্বাচনে রূপ দিতে চাই।”

টেলিফোনালাপে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

বিশ্বনাথে বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এই সময় ডেস্ক:
সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ও সোমবার (২২ ডিসেম্বর) দুই দিনব্যাপী বিশ্বনাথের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের মোট ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবিকে আহ্বায়ক এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের তত্ত্বাবধানে পরীক্ষাকেন্দ্র চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মণিকাঞ্চন চৌধুরী জানান, সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আর্তসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি মো. মাফিজ খান পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা-২০২৫’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও প্রবাসে শিক্ষা, মানবিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মাফিজ খানকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে।

আগামী ২৭ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি কবি নজরুল একাডেমী রিকাবী বাজার,সিলেট-এ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে মো. মাফিজ খানকে এ সম্মাননা প্রাপ্তির বিষয়টি অবহিত করেন।

মো. মাফিজ খান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত জালালাবাদ সুন্নি জামে মসজিদ-এর সাবেক ট্রাস্টি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গ্রেটার সিলেট  ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট কাউন্সিল, ওয়েস্ট মিডল্যান্ড রিজন-এর সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি, বার্মিংহাম-এর সাবেক সভাপতি ছিলেন।

তিনি গ্রেটার বিশ্বনাথ উপজেলা সমিতি, ওয়েস্ট মিডল্যান্ড-এর সাবেক সভাপতি, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ প্রবাসী শিক্ষা কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এবং বাংলাদেশ সেন্টার, লন্ডন -এর আজীবন সদস্য এবং লন্ডন ও বাংলাদেশ থেকে প্রকাশিত মাসিক “বাংলা কাগজ” পত্রিকার সভাপতি মন্ডলির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়ান পাউন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা দাতা সদস্য, বিশ্বনাথ এইড এর সদস্য, বিশ্বনাথ এইট্ এবং বিশ্বনাথ ইউনিয়ন এন্ড ওয়েলফেয়ারের ট্রাস্টসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সত্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর মাধ্যমে প্রতিবছর উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানসহ দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একজন দায়িত্বশীল কমিউনিটি লিডার হিসেবেও তিনি সুপরিচিত।

এছাড়া তিনি ১৯৯৩ সালে একক ভাবে নিজ অর্থায়নে ৫লক্ষাধিক টাকা ব্যায়ে আমির্তি নদীর পার থেকে নিজ গ্রামের রাস্তায় গার্ডওয়াল সহ মাঠি ভরাট এবং ইট সলিং করেন। অসংখ্য গৃহহীন মানুষকে নিজ অর্থায়নে গৃহনির্মাণ করে দিয়েছেন এবং সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিজ অর্থায়নে নিয়মিত সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছেন।

তার এই বহুমুখী ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা প্রশাসনের উদ্যোগে তাকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

গণতন্ত্রের ওপর আবারও আঘাত এসেছে: মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

এইসময় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।”

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “আজ বিষয়টি শুধু কোনো একটি গণমাধ্যমের নয়—ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়—আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার আবারও আক্রান্ত হয়েছে। এমনকি জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।”

তিনি আরও বলেন, “অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, এখানে খুব বেশি ব্যাখ্যার কিছু নেই। আজ আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে শুধু সচেতন থাকলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “এটি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিষয় নয়। এখন সময় এসেছে সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার। যারা অন্ধকার থেকে আলোতে যেতে চায়, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়—তাদের সবাইকে এক হতে হবে।”

তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু প্রতিবাদ সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে চলবে না। সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দেবেন। এখনই রুখে দাঁড়ানোর সময়।”