আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ‘গণহত্যা দিবস’ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিশ্বনাথ প্রতিনিধি :


‘গণহত্যা দিবস’ ও ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাপক আলোচনা শেষে দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলাজুড়ে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ারট্রাস্ট ইউকে’র নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে অলংকারী ইউনিয়নের সাড়ে ৫ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে অলংকারী গ্রামের একটি শপিং কমপ্লেক্সের সামনে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট সাড়ে ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি প্রবাসী অ্যাডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক। তিনি বলেন, প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন।
সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম। তাই আমাদের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি নুনু মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব শামীম আহমদ, সিলেট জেলা বারের শিক্ষানবিষ আইনজীবি মতিউর রহমান, সমাজসেবক ঝানু মিয়া, দবির মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী তুহিন আহমদ ও স্বাগত ট্রাস্টের বাংলাদেশ সমন্বয়ক রফিকুল ইসলাম মেম্বার।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন, বাসিয়া নদীকে রক্ষা করতে হলে আগে সরকারদলীয় নেতাকর্মীদেরই এগিয়ে এসে নিজেদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো স্বেচ্ছায় ও নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এতে জনগণের কাছে প্রমাণিত হবে যে তারা সত্যিকার অর্থে জনকল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, বিশ্বনাথ পৌরসভায় বসবাসকারী জনগণ নিয়মিতভাবে পৌরকর পরিশোধ করে আসছেন। কিন্তু সেই করের টাকা দিয়ে পৌর প্রশাসন কী ধরনের উন্নয়নমূলক কাজ করছে কিংবা কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, সে বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে না। জনসাধারণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছেন। নির্বাচন পূর্বে বিএনপিও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এতে করে তারা জনরায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথে সুধীজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটের বিশ্বনাথে সুধীজনদের সম্মানে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, পবিত্র রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। তিনি বলেন, সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ বলেন, রমজানের শিক্ষা মানুষের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে কল্যাণমুখী কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হক, সাবেক সভাপতি আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।

ইফতার মাহফিলে বিশিষ্ট সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

বৈরাগী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মনোহর আলী

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৭মার্চ) একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ‌্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়।

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪৯ ভোট পেয়ে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন মনোহর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেবুল মিয়া ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১৩১ ভোট।

এদিকে সহসভাপতি পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সুরুজ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৬ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিল ২৯৯ জন। এর মধ্যে ২৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া আরো ৭জন বিনাপ্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

বিশ্বনাথে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের-এর বিশ্বনাথ পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ (বৃহস্পতিবার) বাদ আসর পৌর শাখার সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমির নিজাম উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির আক্তার ফারুক এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান, বিশ্বনাথ ছাত্রশিবির পশ্চিম শাখার সভাপতি শাহ হোসাইন আহমদ, উত্তর শাখার সভাপতি সাঈদ আদনান এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুর রহমান বাবুল ও আব্দুল মুকসুদ আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, বরং আত্মশুদ্ধি, মানবিকতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। মাহফিলে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশ্বনাথে দোয়া ও ইফতার মাহফিলে তাহসিনা রুশদীর লুনা :

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নতুন সরকারের বয়স মাত্র কয়েকদিন হলেও জনগণের প্রত্যাশা পূরণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আপনারা যে আস্থা ও প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। আগামী পাঁচ বছর হবে উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বছর।”

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৌর শহরের রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ‌্যালয়ের  মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “দল বা ক্ষমতার নাম ব্যবহার করে কেউ যেন দুর্নীতি, দখলবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন। আমরা চাই এই জনপদ হোক দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি উজ্জ্বল উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন মূলত এম. ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে। আমি সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে বিভিন্ন খাল পুনঃখনন, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই বিশ্বনাথ ও ওসমানীনগরকে এমন একটি জনপদ হিসেবে গড়ে তুলতে, যেখানে থাকবে শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পরিবেশ।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও জনস্বার্থের বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ‌ব‌্যারেস্টার আবরার ইলিয়াস অর্নব। স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম।

দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা এবং দীর্ঘদিন ধরে নিখোঁজ এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সমন্বয়ক মাওলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি এলাকায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন’র উদ্যোগে রমজানের খাদ্য বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

 সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর বলেছেন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবাসীরা দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করে। প্রবাসীরা প্রতিটি বন্যা, খরা, মরামারি, পরিত্র রমজান মাসে অসহায় মানুষকে সহায়তা প্রদানে সব সময় এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ায়। অনেক সময় প্রবাসীরা বিভিন্ন সময় তাদের কর্মসূচি পালন করে থাকেন। তাদের এ অবদান সত্যিই প্রসংসার দাবী রাখে।

তিনি বৃহৎস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে ও অর্থায়নে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুমা রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা আব্দুল মান্নান রিপন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা সামছুল ইসলাম, ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের ইউকে শাখার সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আল-আমিন আসাদ, সংগঠনের সহসাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক নূর উদ্দিন সামী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্ঠা আসাদুজামান নূর আসাদ, তজম্মুল আলী রাজু, তারেক আহমদ খজির, ইমাম উদ্দিন, শাহ আমির উদ্দিন, তানিমুল ইসলাম তামিম, খালেদ মিয়া, সংগঠক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহসভাপতি তাজুল ইসলাম সাজু, দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সৎম্পাদক এবাদুল হক, ক্রীড়া সম্পাদক তামজিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য তাজুল ইসলাম, হাসান আল-মামুন, উমায়ের আহমদ, নাবেদ উমর, রাকিব আলী, সাজ্জাদুল ইসলাম সাজু, মিশকাত আল-ফাতিন, জয়নুল ইসলাম, তাহমিদ আল আবির, শরিফ উদ্দিন আহমদ, এমাদুর রহমান ইমাদ, শিমুল আহমদ, শাহ উবাইদ রহমান, নিয়াজ আহমদ নাদিম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬০ জন মধ্যবিত্ত ও ২শত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ডেফোডিল এসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথে প্রবাসী দম্পতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী এক সমাজসেবী দম্পতির উদ্যোগে অসহায় ও ভিক্ষুকদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৫মার্চ) বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর শতাধিক অসহায় ও ভিক্ষুকের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয়। পালেরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হাজী ছবুর আলী এবং তার সহধর্মিণী শিরিন চৌধুরী আলীর পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়।

প্রবাসে অবস্থান করায় দম্পতির পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাদের চাচাতো ভাই কয়সর আহমদ। তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা থেকে প্রতি বছরই হাজী ছবুর আলী ও শিরিন চৌধুরী আলী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রবাসে অবস্থান করেও এই দম্পতি এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না এবং কোষাধ্যক্ষ আব্দুছ সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে হাজী ছবুর আলী ও শিরিন চৌধুরী আলী দম্পতি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং রান্না করা ইফতার বিতরণ করে থাকেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও তাদের পক্ষ থেকে রমজান উপলক্ষে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

বিশ্বনাথে ৪১ ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ ইউনিয়ন ও পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪১ জন ইমাম ও মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা ২টায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়-এর হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ ইউনিয়ন ও পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদ। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সমন্বয়ক নিশি কান্ত পাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী।

সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ বলেন, সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সম্মান জানানো মানে দ্বীনের খেদমতকে সম্মান জানানো। প্রবাসে থেকেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি গৌছ আলী বলেন, মসজিদভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। ইমাম ও মুয়াজ্জিনরা সেই ভিত্তিকে শক্তিশালী করেন। তাদের দায়িত্ববোধ, ত্যাগ ও আন্তরিকতা সমাজকে আলোকিত করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক মো. ইমাদ উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারি এবং ট্রাস্টি আজিজুর রহমান মিলন। বক্তারা ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের মর্যাদা রক্ষায় সমাজের সকল শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাওলানা আবুল বাশার। আলোচনা শেষে ৪১ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রতিনিধিদের হাতে অতিথিবৃন্দের মাধ্যমে সম্মাননার নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।