ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথে পুলিশের বিশেষ মহড়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের বিশ্বনাথে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ।
রবিবার (২৪মে) দিনব্যাপী বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার-হাট এবং গরুর বাজারে এ মহড়া পরিচালনা করা হয়।
জানা যায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং তারা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পাশাপাশি ব্যস্ত বাজার ও পশুর হাট এলাকায় টহল জোরদার করে।
এসময় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন পুলিশ সদস্যরা। বিশেষ করে গরুর বাজারে ক্রেতা-বিক্রেতাদের সতর্কতার সাথে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। এছাড়াও থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

