বিশ্বনাথে ঐতিহ্য আর সুরের মিলন—জাঁকজমক আয়োজনে রিমা-আরিফের বিয়ে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় আধ্যাত্মিক ঐতিহ্য ও সংগীত জগতের এক অনন্য মিলন ঘটেছে বর্ণাঢ্য আয়োজনে। উপজেলার তেলিকুনা পীর বাড়ির গদিনশীল পীর শাহ সিদ্দিকুর রহমান চিশতীর একমাত্র কন্যা শাহেদা সিদ্দিকা রিমার সঙ্গে বাউল গানের জীবন্ত কিংবদন্তী বাউল সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদের পুত্র আরিফ উদ্দিন আহমেদের বিয়ে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজার জেল রোডে অবস্থিত দি লাক্সারী রেস্টুরেন্ট এন্ড ব্যাংকুয়েট হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুরু থেকেই পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, আভিজাত্য আর আত্মীয়-স্বজনদের উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত পরিবেশ।
বিয়েতে উপস্থিত ছিলেন সিলেট নাট্য জগতের পরিচিত মুখ শাহেদ মোশারফ (কটাই), জেড ইসলাম, সুমন রায়সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
আধ্যাত্মিক ধারার সম্মানিত পরিবার ও বাউল সংগীতের ঐতিহ্যবাহী পরিবারের এই বন্ধনকে ঘিরে অতিথিদের মাঝে ছিল বাড়তি আগ্রহ ও আনন্দের ছোঁয়া। দুই পরিবারের আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।
অনুষ্ঠান শেষে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান উপস্থিত সবাই।

