আজকের সময়ের সেরা খবর
যুক্তরাজ্যের কেইগলি’র নতুন ডেপুটি মেয়র বিশ্বনাথের হাজী আব্দুস শহিদ

এই সময় ডেস্ক:
যুক্তরাজ্যের কেইগলি টাউন কাউন্সিলের আসন্ন পৌর বছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আব্দুল শহিদ। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে ডেপুটি টাউন মেয়র হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল শহিদ বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার একজন কৃতী সন্তান। তিনি উপজেলার দশঘর নোয়াগাঁও (নোয়াহাটী) গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রাজ্জাক ও আরিজা খাতুনের ছোট ছেলে এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিনের বড় ভাই। প্রবাসে থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তার এই সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বলেছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়।

জানা গেছে, কাউন্সিলর আব্দুল শহিদ ২০১৯ সালে লকহোম ও শোফিল্ড ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি দ্রুতই সুনাম অর্জন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি নোল পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আসছেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

কেইগলি টাউন কাউন্সিল সূত্রে জানা যায়, নবনির্বাচিত ডেপুটি মেয়রের এই মনোনয়ন আগামী ১৪ মে ২০২৬ অনুষ্ঠিতব্য কাউন্সিলের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসে বসবাসরত একজন বাংলাদেশির এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার: এমপি তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল মাইলফলক। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল। একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রয়াসে মানুষের মৌলিক অধিকার, এমনকি মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত করেছিল। তবে ৫ আগস্ট স্বাধীনচেতা বাঙালি আবারও তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় গড়ে তুলতে তিনি সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন, যা পুরো আয়োজনকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি-এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

নানান আয়োজনে বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বৃপস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এরপর মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। এরপর একই স্থানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ সকল কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা

বিশ্বনাথ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। দেশের স্বাধীনতা অর্জনে যেসব শহীদ জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ চিরদিন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ দিবস পালনের মূল লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।

বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে সংঘর্ষ: এমপি লুনার হস্তক্ষেপে আপোষে নিষ্পত্তি

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাস্তানের মাজারে ওরসকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান হয়েছে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা-এর সরাসরি হস্তক্ষেপে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে তিনি আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন।

এর আগে দুপুরে তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাস্তানের মাজার এবং ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন।

বৈঠকে এমপি তাহসিনা রুশদীর লুনা স্পষ্ট নির্দেশনা দেন, উপজেলার কোনো মাজারেই ওরস উপলক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ওরসে জিকির আজকার ও ভক্তিমূলক গান সীমিত পরিসরে ( পেন্ডেলের ভিতরে) স্পিকারের মাধ্যমে প্রচার করতে হবে।

তিনি আরও বলেন, মাজার কেন্দ্রিক কোনো অনুষ্ঠানে মদ, গাঁজা বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। ওরস মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থার নির্দেশনাও দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মইনুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উভয় পক্ষের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে ওরসের দ্বিতীয় দিনে মাইকিং করে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা গানের আসরে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করে। পরদিন সকালে পাল্টা হামলার অভিযোগ উঠে মাজারের ভক্তদের বিরুদ্ধে, যেখানে কয়েকটি বাড়িঘর ও মসজিদের কাঁচ ভাঙচুর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লুনা: অনিয়মে কঠোর হুঁশিয়ারি

বিশ্বনাথ প্রতিনিধি

:
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো বুধবার (সকাল ১১টা) তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে এমপি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, সেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি স্থান, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য পরিচ্ছন্ন ও মানবিক সেবা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালে দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করতে হবে এবং কোনো অবস্থাতেই চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্যাগুলোর একটি তালিকা তৈরি করে দিতে। তিনি আশ্বাস দেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, “চাকরি করতে হলে কাজ করতে হবে। এখানে আমার আত্মীয় হলেও কোনো ছাড় দেওয়া হবে না।”

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরেজমিনে এসে কিছু তাৎক্ষণিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, হাসপাতালের একটি বড় সমস্যা হলো অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। দ্রুতই চালক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া হাসপাতালের সার্বিক বিষয়গুলো নোট করা হয়েছে এবং ধাপে ধাপে সমাধান করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ড বয়দের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন এমপি। তিনি বলেন, হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় থাকতে হবে।

বিশ্বনাথে উরসকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদে হামলা- উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ


প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে উরসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় দিনব্যাপী উত্তেজনা বিরাজ করে, তবে প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের ইব্রাহিম শাহ মাস্তানের মাজারে উরস উপলক্ষে উচ্চ শব্দে গান-বাজনা, মাদক সেবন ও বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসী। এসব কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করলে একপর্যায়ে উত্তেজিত হয়ে স্থানীয়রা উরসের গানের মঞ্চ ভাঙচুর করেন।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার ভোরে উরসে অংশ নিতে আসা কিছু ভক্ত শ্রীপুর জামে মসজিদে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে মসজিদের ব্যাপক ক্ষয়,ক্ষতি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা নুর মিয়া ও কাঁচা মিয়াসহ অনেকেই অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উরসের নামে অশ্লীল নৃত্য, উচ্চ শব্দে গান-বাজনা এবং অবাধে মাদক সেবন ও বিক্রি চলে আসছিল। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানালেও মাজার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা প্রতিরোধ গড়ে তোলেন।
অন্যদিকে, মাজারের খাদেম দুদু মিয়া বলেন, উরসের আয়োজন নিয়ে কোনো আলোচনা ছাড়াই স্থানীয়রা আকস্মিক ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, মসজিদে হামলার ঘটনায় মাজার সংশ্লিষ্ট কেউ জড়িত নয়। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিনি নিজেই শ্রীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী ও ক্যাশিয়ার।
ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উরস অনুষ্ঠান সন্ধ্যার আগেই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ঈদের দিনে সিলেট-২ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে আন্তরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (ঈদের দিন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামে তাঁর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং আগতদের মধ্যে ঈদের আনন্দ ও সম্প্রীতির এক অনন্য আবহ সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে তাহসিনা রুশদীর লুনা আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন। তিনি বলেন, ঈদুল ফিতর শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

এসময় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফসহ বিশ্বনাথ ও ওসমানীনগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাহসিনা রুশদীর লুনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ‌্যে উপস্থিত ছিলেন সভাপতি এম আর টুনু তালুকদার, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের প্রকৃত শিক্ষা—ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

বিশ্বনাথে ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে ১২০ পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১২০টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মানবতার সেবার লক্ষ্য নিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো আনন্দের সময়ে যেন কেউ বঞ্চিত না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এসময় সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের জন্য ঢেউটিন ক্রয়ে নগদ ১২ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ।

ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য এস এ সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন বাজার এলাকার আজাদ জিম সেন্টারের স্বত্বাধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌবিন্দ মালাকার, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল এবং ইতালি প্রবাসী রেজা কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ রিয়াজুল ইসলাম।

সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজু উদ্দিন, আবু বক্কর, আব্দুল মতিন, নাজমুল ইসলাম ও এস এ সাব্বিরের উদ্যোগে এবং প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

বিশ্বনাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌর জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন বিতরণ করা হয়।