আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে সারা দেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল-আমিনের সভাপতিত্বে এবং সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক হাসান মাহমুদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, আইসিটি অফিসার সুয়েব আক্তার, পরিদর্শক মনির হোসেন এবং সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক)-এর পরিদর্শক রনজিৎ গোস্বামী।

এছাড়াও অনুষ্ঠানে সুফলভোগী সমবায়ী নাজমা বেগম, আলা উদ্দিন ও সালেহ আহমদ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সমবায় কার্যক্রম, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান মিলাদ এবং গীতা পাঠ করেন রনজিৎ গোস্বামী। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল-আমিন।

বক্তারা পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ, স্বাবলম্বী ও উৎপাদনমুখী করে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় তারা  পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের এ উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমবায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।