আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ
Spread the love

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করেছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদ আলী হিরণ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ এবং প্রচার সম্পাদক এরশাদ আলী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী হিরণ বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর। তাদের লেখাপড়ার পথকে আরও সহজ ও উৎসাহব্যঞ্জক করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “শুধু খাতা-কলম বিতরণ নয়, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভবিষ্যতেও ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা বিস্তারে সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

খাতা-কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে।