আজকের সময়ের সেরা খবর
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ঔষধি গাছ রোপণ

বিশ্বনাথ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম-এর উপস্থিতিতে বিদ্যালয় আঙিনায় চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব,  বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাছান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ শাখার নির্বাহী সভাপতি আবুল কাহার, মুফতির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন হেলালী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা ও মুফতির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল কান্তি দাস মেঘল, দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার ফারুক, দ্বিপবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ, বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছায়ারুন বেগম, সুপ্রিয়া বৈদ্য, করিমুন নাহার রুচি, ফাতেহা বেগম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছের প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয় প্রাঙ্গণে রোপিত গাছগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

“তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” — ইউএনও জাহিদ বিন কাশেম

বিশ্বনাথ প্রতিনিধি:

“বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ কথাগুলো বলেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা পরিষদের সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের অফিস সহকারী আল আমিন এবং প্রশিক্ষণার্থীরা।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বনাথের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার যুক্তরাজ্য সফর উপলক্ষে শুভকামনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যে পৌঁছালে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ও ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।

মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা যাত্রাপথে সকলের নিকট দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং তাঁর এ সফর দেশ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণকর ও ফলপ্রসূ হয়, সে জন্য সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

আমরা মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, তিনি যেন মাননীয় সংসদ সদস্যের সফর নিরাপদ, কল্যাণময় ও সফল করেন এবং তাঁকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন।