আজকের সময়ের সেরা খবর
জাফলংয়ে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

আনন্দ-উচ্ছ্বাস, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সিলেটের জাফলংয়ে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টায় বিশ্বনাথ ব্রিজ থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্যরা। এ সময় আনন্দ ভ্রমণে প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে ফ্রান্সপ্রবাসী আহমেদ পারভেজও তাঁদের সঙ্গে ছিলেন।

পথিমধ্যে পীরের বাজারে নাস্তা ও চা পানের জন্য যাত্রাবিরতি করেন তারা। পরে জাফলংয়ে পৌঁছে চা-বাগান, জিরো পয়েন্ট, খাসিয়া পুঞ্জি ও মায়াবী ঝর্ণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন প্রেসক্লাব সদস্যরা। পরে জাফলং বাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন।

দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে আড্ডা, গল্প ও হাসি-আনন্দে সময় কাটান প্রেসক্লাবের সদস্যরা। কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির সান্নিধ্যে সহকর্মীদের সঙ্গে এমন সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে জানান আয়োজনে অংশ নেওয়া সদস্যরা।

আনন্দ ভ্রমণের অর্থায়ন করেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজ। এ বিষয়ে তিনি বলেন, “ব্যস্ত কর্মজীবনের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটানো এবং পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

আনন্দ ভ্রমণে অংশ নেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য মোশাহিদ আলী ও আফজাল মিয়া।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আনন্দ ভ্রমণ শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সংগঠনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। একই মামলায় সংগঠনটির সদ্য ঘোষিত উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২)কে গ্রেপ্তার করে। তিনি বিশ্বনাথ পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নয়ন মিয়াকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে লামাকাজী-টু-বিশ্বনাথ সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে গত ১৭ আগস্ট থেকে ওই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের অভিযোগ, ওই মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কার্যক্রমে বাধা, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা এবং এসব কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার মতো অপরাধে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।