আজকের সময়ের সেরা খবর
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম আশরাফুল ইসলামের মৃত্যুতে রোববার দুপুর ২টায় বিদ্যালয়ের হল প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এফসি বার্সার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক কাওছার উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষার্থী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম। বক্তব্য দেন ইউপি সদস্য জামাল উদ্দিন, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল হামিদ, সুনু মিয়া এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আলী।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মরহুম আশরাফুল ইসলামের সাবেক ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফ আহমদ সৌরভ। উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।