আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথের হাবড়া বাজারে মানবতার দৃষ্টান্ত—ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ১৫ শতাধিক অসহায় মানুষ
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ:


সিলেটের বিশ্বনাথ উপজেলার হাবড়া বাজারে ব্যতিক্রমধর্মী উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি ফিরেছে প্রায় ১৫ শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমানের অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবুর রহমান বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এলাকার গরিব, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষ যাতে ন্যূনতম চিকিৎসাসেবা পায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ। প্রায় ৮ লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “শুধু ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার। সুস্থ সমাজ গড়তে হলে আগে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে—আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।”

সাংবাদিক রুহেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিক আহমদ পিয়ার, জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রহমান রেজা, দৌলতপুর ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা ছমির আলী এবং সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী ছমির আলী।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মানবসেবাই নয়, বরং সমাজে সচেতনতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ নিয়মিত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষ উপকৃত হবে বহুলাংশে।