আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে আদনান এন্ড আয়মান মিনি স্টেডিয়ামের উদ্বোধন
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন হিসেবে আদনান এন্ড আয়মান মিনি স্টেডিয়াম-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার সড়কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে এবং সংগঠক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পর্তুগাল প্রবাসী তালুকদার গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাওছার আহমদ তুলাই, নেছার আহমদ, আং ছাত্তার, আব্দুল বাহার, ছুনু মিয়া, নেফুর আলী, শিপন আহমদ, নাজমুল ইসলাম শিমুল, আব্দুস সালাম, তোফায়েল আহমদ, রাজন খান, মিজানুর রহমান, শিহাব উদ্দিন, জাকির আহমদ, আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বনাথ উপজেলা থেকে ভবিষ্যতে প্রতিভাবান ফুটবলার উঠে এসে জাতীয় দলে খেলে এলাকার সুনাম বয়ে আনবে।

তিনি আরও বলেন, মিনি স্টেডিয়ামটির পরিচালনায় যারা দায়িত্বে থাকবেন, তারা যেন বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করেন এবং ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন।