বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও আহতদের সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল্লাহ, জুলাই যোদ্ধা শামীম আহমদ, লায়েক আহমদ, আমজদ আলী, আবদুল খালিক ও ফয়ছল আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান এবং গীতা পাঠ করেন দেবাশীষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।

