আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে তিন দিন ধরে নিখোঁজ যুবক, রামপাশার পথে যাওয়ায় রহস্য
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চকরামপ্রসাদ (লামাচক) গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জাকির হোসেন (২৬) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জাকির হোসেন চট্টগ্রামের কর্ণফুলী টানেলে কর্মরত। গত ১৩ সেপ্টেম্বর রাতে ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। পরদিন ১৪ সেপ্টেম্বর সকালে সিলেটে পৌঁছে নিজ বাড়িতে যান।

পরিবারের সদস্যরা জানান, জাকিরের কাছে এক আত্মীয়ের কিছু টাকা গচ্ছিত ছিল। ওই টাকা ব্যাংক থেকে তুলে দেওয়া অথবা আত্মীয়ের ব্যাংক হিসাবে স্থানান্তরের কথা ছিল। এ উদ্দেশ্যে ১৫ সেপ্টেম্বর বেলা ২টার দিকে তিনি বিশ্বনাথ ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একই রাতে ট্রেনে করে তার চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী ট্রেনের টিকিটও কাটা ছিল।

তবে সন্ধ্যা হয়ে গেলেও জাকির বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৯৩-৪৫৪৭৭৩০১৮৫৪-৭২১৭৩২-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় জিডি করা হয়। জিডি নম্বর ৬৬৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পরদিন গ্রামের সড়কে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জাকিরকে বিশ্বনাথের দিকে না গিয়ে রামপাশার সড়কের দিকে যেতে দেখা যায়। পরে তিনি একটি টমটমে ওঠেন।

টমটম চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লামাকাজি যাওয়ার উদ্দেশ্যে এক যাত্রী তার টমটমে উঠেছিলেন। জাকির হোসেন টমটমে ওঠার পর তাকে রামপাশা পয়েন্টে নামিয়ে দিয়ে চালক লামাকাজির দিকে চলে যান।

জাকিরের পরিবারের দাবি, তার যাওয়ার কথা ছিল বিশ্বনাথ ইসলামী ব্যাংকে। কিন্তু বিশ্বনাথের পরিবর্তে রামপাশার পথে যাওয়ার বিষয়টি তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে, দীর্ঘ সময় ধরে জাকিরের সন্ধান না পাওয়ায় তার মা অসুস্থ হয়ে বর্তমানে শয্যাশায়ী রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ জাকির হোসেনের সন্ধান পেলে তার ভাইদের ০১৭৬৪-১৬৭৫৩৪ অথবা ০১৭৬৪-২৩১৯৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।