আবুধাবির সড়কে ঝড়ল সিলেটি যুবকের প্রাণ
এইসময় ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে টানা ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ (৩৫)। শুক্রবার রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকার বাসিন্দা রুবেল প্রায় পাঁচ বছর ধরে আবুধাবিতে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করছিলেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
গত ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে আবুধাবির মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার সড়কে দুর্ঘটনাটি ঘটে। মোটরবাইকে খাবার ডেলিভারির কাজে থাকা অবস্থায় পেছন থেকে নিয়ন্ত্রণহীন একটি পাকিস্তানি চালিত ট্রাক রুবেলের বাইকসহ আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিশরীয় রাইডারের মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে স্থানীয় পুলিশ।
বর্তমানে রুবেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে তার কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ কর্তৃপক্ষ।
রুবেলের অকাল মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

