আজকের সময়ের সেরা খবর
বুধবার মধ্যরাতে দেশে ফিরছেন তারেক রহমান

এইসময় ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি স্বদেশের পথে যাত্রা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এ ফ্লাইটে তার পরিবারের সদস্যরাও থাকবেন। তিনি আরও জানান, লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতি করবেন। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন—ইনশাআল্লাহ।”

তিনি জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।