আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ২৯তম টি-২০ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন মিয়ার বাজার ক্রীড়া সংস্থা

বিশ্বনাথ প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২৯তম টি-২০ ক্রিকেট লীগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মিয়ারবাজার ক্রীড়া সংস্থা ৪ উইকেটে পুষ্পকলি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাজী রইছ আলী।

কৃষিজমি সংস্কার করে তৈরি করা মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার খালেদ আহমদ এবং সাবেক জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমানের অংশগ্রহণ। তাদের উপস্থিতিতে পুরো ম্যাচজুড়ে মাঠে ক্রিকেটপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ফাইনাল ও গেম চেঞ্জার নির্বাচিত হন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সায়েম। ম্যাচসেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার তুহিন এবং ম্যাচসেরা বোলার নির্বাচিত হন পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের অর্ক।

এছাড়া পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সুহেল। সেরা ব্যাটসম্যান হিসেবে পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের ইকবাল, সেরা বোলার হিসেবে মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সুহেল, সেরা উইকেটকিপার হিসেবে পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের ইব্রাহিম মিয়া, সেরা ফিল্ডার হিসেবে মিয়ারবাজার ক্রীড়া সংস্থার রাফি এবং সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে রাজু এন্ড জেরিন স্পোর্টিং ক্লাবের রাহী নির্বাচিত হন।

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়া এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সহকারী মিডিয়া অ্যাডভাইজার জামির হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, প্রবাসী মানিক মিয়া, ইরফান আলী সোহান, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহ টিপু, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র বাংলাদেশ সমন্বয় কমিটির সদস্য দেলওয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে এবং বিশ্বনাথে ক্রিকেটের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।